অবশেষে ‘জুলাই জাতীয় সনদে’ সই করেছে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে এই সনদে সই করেন দলটির নেতারা।
সনদে সই করার পর যমুনার সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির আহবায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন। তারা জানান, সনদের কিছু শর্ত ও অস্পষ্টতা নিয়ে আগে দ্বিমত থাকলেও জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা এতে সই করেছেন।
এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, জুলাই সনদ নিয়ে আগে আমাদের মধ্যে অস্পষ্টতা ছিলো। তবে প্রধান উপদেষ্টার আহবানে এবং গণভোটে জনগণের রায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়নের শর্তে আমরা আজ সই করেছি। আমরা কোনো ‘নোট অফ ডিসেন্ট’ (ভিন্নমত) ছাড়াই এটি গ্রহণ করেছি।
তিনি আরও দাবি করেন, সনদ অনুযায়ী নিয়ম মেনে মঙ্গলবার সংসদ সদস্যদের জন্য দুটি শপথের ব্যবস্থা করতে হবে। এর একটি হবে প্রচলিত সংসদীয় শপথ এবং অন্যটি হবে জুলাই সনদের চেতনার আলোকে বিশেষ শপথ।
এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম বলেন, ১২ ফেব্রুয়ারির গণভোটে জনগণ স্পষ্টভাবেই রাষ্ট্র সংস্কারের পক্ষে অর্থাৎ ‘হ্যাঁ’ জয়ী করেছে। মঙ্গলবার থেকে এই গণরায় অনুযায়ী কাজ শুরু করতে হবে। আমরা শুনেছি প্রধান নির্বাচন কমিশনার সংসদ সদস্যদের শপথ পড়াবেন। আইনি ভিত্তি ও গণরায় পাওয়ার কারণেই এনসিপি এই সনদে সই করার সিদ্ধান্ত নিয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, জুলাই সনদ অনুযায়ী প্রস্তাবিত ‘সংবিধান সংস্কার পরিষদে’ এনসিপির সদস্যদের অন্তর্ভুক্ত করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কালকের শপথ অনুষ্ঠানে সংসদ সদস্যদের যিনি শপথ পড়াবেন, তিনিই সনদ অনুযায়ী এই বিশেষ শপথও পরিচালনা করবেন বলে এনসিপি নেতারা আশা প্রকাশ করেন।
এর আগে গত বছরের ১৭ অক্টোবর ২৪টি রাজনৈতিক দল এই সনদে সই করলেও এনসিপি তখন তিনটি দাবি জানিয়ে সই করা থেকে বিরত ছিলো। সম্প্রতি গণভোটে জুলাই সনদের সংস্কার প্রস্তাবগুলো বিপুল ভোটে অনুমোদিত হওয়ার পর আজ দলটির পক্ষ থেকে এই আনুষ্ঠানিক সমর্থন এলো।
রেডিওটুডে নিউজ/আনাম

