নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পর শিগগিরই নতুন সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। বুধবারের মধ্যে গঠিত হতে পারে নতুন মন্ত্রিসভা। ২১০ আসন পেয়ে সরকার গঠনের পথে বিএনপি। ১৮ ফেব্রুয়ারির মধ্যে দায়িত্ব নেবে নতুন সরকার।
শিগগিরই নতুন সংসদ সদস্যদের শপথের আয়োজন করা হবে। বুধবারের মধ্যে গঠিত হবে নতুন মন্ত্রিসভা। আইন উপদেষ্টা আসিফ নজরুল এসব তথ্য জানান। আর পয়লা রমজান থেকে দায়িত্ব নিচ্ছে নতুন সরকার। ইসির গেজেট জারি হওয়ায় এখন কাজ শুরু করবে মন্ত্রিপরিষদ বিভাগ।
২১০ আসন পেয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। সেই হিসেবে সরকার গঠনের পথেও তারা। এরই মধ্যে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে। এরপর নতুন সংসদ সদস্যদের শপথ। এর মাধ্যমে গঠিত হবে ত্রয়োদশ সংসদ।
রেওয়াজ অনুযায়ী, এমপিদের শপথ করানোর কথা গত সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের। কিন্তু এবার সে সুযোগ না থাকায় রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি শপথ পড়াতে পারেন।
আইন উপদেষ্টা জানান, প্রধান বিচারপতি রাজি থাকলে তিনি এ দায়িত্ব নেবেন।
উপদেষ্টা আরও জানান, সংসদীয় দলের নেতা নির্বাচনের পর ১৮ ফেব্রুয়ারির মধ্যে দায়িত্ব নেবে নতুন সরকার।
রেডিওটুডে নিউজ/আনাম

