বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

সোমবার,

১৬ ফেব্রুয়ারি ২০২৬,

৪ ফাল্গুন ১৪৩২

সোমবার,

১৬ ফেব্রুয়ারি ২০২৬,

৪ ফাল্গুন ১৪৩২

Radio Today News

বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:৩৫, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

Google News
বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই আসনে জয়লাভ করার পর বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে এই সংক্রান্ত চিঠি পেয়েছে নির্বাচন কমিশন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এই তথ্য জানা গেছে।

ইসি সূত্রে জানা গেছে, প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে তারেক রহমানের আসন ছেড়ে দেওয়া সংক্রান্ত একটি চিঠি পৌঁছেছে। নির্বাচন কমিশন এখন আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশের কার্যক্রম শুরু করবে এবং পরবর্তীতে ওই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

বাংলাদেশের নির্বাচনী আইন ও রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার (আরপিও)-এর ধারা ১৯(২) অনুযায়ী, কোনো ব্যক্তি একাধিক আসন থেকে নির্বাচিত হলে গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে তাকে লিখিতভাবে জানাতে হয় তিনি কোন আসনটি রাখতে চান। নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত না জানালে কমিশন অবশিষ্ট আসনগুলো শূন্য ঘোষণা করার এখতিয়ার রাখে। সেই আইনি প্রক্রিয়া মেনেই তারেক রহমান তার বগুড়া-৬ ছেড়ে দেওয়ার আনুষ্ঠানিক চিঠি জমা দিয়েছেন।

তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬—উভয় আসনেই বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। তিনি বগুড়া-৬ আসনে ভোট পেয়েছিলেন দুই লাখ ১৬ হাজার ২৮৪টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আবিদুর রহমান সোহেল পেয়েছিলেন ৯৭ হাজার ৬২৬ ভোট।

অপরদিকে, ঢাকা-১৭ আসনে তারেক রহমান ভোট পেয়েছিলেন ৭২ হাজার ৬৯৯টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  জামায়াতের এস এম খালিদুজ্জামান পেয়েছিলেন ৬৮ হাজার ৩০০ ভোট।

দীর্ঘ ১৯ বছর পর দেশে ফিরে এবারই প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেন তারেক রহমান। সোমবার সচিবালয়ে নতুন সরকারের প্রস্তুতি নিয়ে আলোচনার মধ্যেই তার এই সিদ্ধান্তের কথা জানা গেল। আগামীকাল মঙ্গলবার নতুন সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

এদিকে বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচনী ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, তিনি যখনই একাধিক আসন থেকে নির্বাচিত হয়েছেন, তার বেশিরভাগ সময়ই বগুড়া-৬ (সদর) আসনটি ছেড়ে দিয়েছিলেন। মূলত নিজের পৈত্রিক এলাকা ফেনী-১ আসনটিই তিনি নিজের কাছে রাখতেন।

১৯৯৬ সালের নির্বাচনে বেগম খালেদা জিয়া পাঁচটি আসনে জয়ী হন। তখন তিনি ফেনী-১ আসনটি নিজের জন্য রেখে বগুড়া-৬ সহ বাকি চারটি আসন ছেড়ে দিয়েছিলেন।

২০০১ সালের নির্বাচনেও তিনি পাঁচটি আসনে জয়ী হন। তবে এবার তিনি ব্যতিক্রমী সিদ্ধান্ত নেন এবং ফেনী-১ আসনটি ছেড়ে দিয়ে বগুড়া-৬ আসনটি নিজের কাছে রেখেছিলেন।

২০০৮ সালের নির্বাচনে তিনটি আসনে জয়ী হওয়ার পর তিনি আবারো বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন এবং ফেনী-১ আসনটি নিজের জন্য রাখেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের