দেশের নারী ক্রিকেটারদের জন্য বিপিএল আয়োজনের কথা শোনা যাচ্ছিল অনেক দিন ধরেই। অবশেষে এবার চূড়ান্ত ঘোষণাই দিয়ে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিসিবি জানিয়েছে, তিন দল নিয়ে আগামী এপ্রিল মাসে প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে নারী বিপিএল।
বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে আগামী ৩-১৫ এপ্রিল মাঠে গড়াবে নারী বিপিএলের প্রথম আসর। জাতীয় দলের তারকা ক্রিকেটারদের পাশাপাশি উদীয়মান তারকা ক্রিকেটার ও বিদেশি ক্রিকেটাররাও থাকবেন। স্থানীয় ক্রিকেটারদের ড্রাফট ও বিদেশি ক্রিকেটারদের সরাসরি চুক্তিতে নিতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো।
নারী বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান রুবাবা দৌলা। তিনি বিসিবির নারী বিভাগের প্রধানও। প্রথমবারের মতো হতে যাওয়া নারী বিপিএল আয়োজনের সবকিছু তত্ত্বাবধান করবে এই গভর্নিং কাউন্সিল। ড্রাফট পদ্ধতি, টুর্নামেন্টের ধরন, সূচি, ভেন্যু, সম্প্রচার, ফ্র্যাঞ্চাইজি, বাণিজ্যিক চুক্তিসহ সবকিছু নির্ধারিত সময়ের মধ্যে জানানো হবে বলে বিসিবি জানিয়েছে।
মেয়েদের বিপিএলের আগে ছেলেদের বিপিএল হয়েছে ১২ বার। সর্বোচ্চ চারবার শিরোপা জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। দ্বিতীয় সর্বোচ্চ ঢাকা তিনবার শিরোপা জিতেছে। যার মধ্যে ২০১২, ২০১৩ বিপিএলে ঢাকা গ্ল্যাডিয়েটর্স নামে চ্যাম্পিয়ন হয়েছে। ২০১৬ বিপিএলে শিরোপা জিতেছে ঢাকা ডায়নামাইটস। সবশেষ এ বছরের ২৩ জানুয়ারি চট্টগ্রাম রয়্যালসকে ৬৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স।
উল্লেখ্য, সর্বশেষ ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে সব ম্যাচ জিতে সবার আগে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। বাছাইপর্বে শীর্ষে থেকে সেরা হয়েই দেশে ফিরেছে। এবার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পা রাখার পালা মেয়েদের।
রেডিওটুডে নিউজ/আনাম

