ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে টাকা ছড়ানোর অভিযোগ করেছে বিএনপি।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সিইসির সঙ্গে সাক্ষাৎ করে। তারা অভিযোগগুলোর বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বৈঠক শেষে ব্রিফিংয়ে নজরুল ইসলাম খান বলেন, “কয়েকটি বড় ও অপছন্দনীয় ঘটনা ঘটেছে, যা শুধু আমাদের নয়, সারা দেশের মানুষের কাছেই অপছন্দনীয়। তাই বিষয়গুলো নির্বাচন কমিশনকে জানানো প্রয়োজন মনে করেছি।”
তিনি বলেন, “সৈয়দপুর বিমানবন্দরে একজন রাজনীতিবিদের কাছে বড় অঙ্কের টাকা পাওয়া গেছে। ন্যায়-অন্যায়ের বিচার হবে। কিন্তু যে সময়ে ঘটনাটি ঘটেছে, সে সময়টা এটিকে প্রশ্নবোধক করে তুলেছে।”
নজরুল ইসলাম খান দাবি করেন, ফেনী-১ আসনে টাকা দেওয়ার ভিডিও প্রকাশ হয়েছে। ময়মনসিংহ, রামু, বগুড়ার কাহালু, লক্ষ্মীপুর ও সৈয়দপুরসহ বিভিন্ন স্থানে জামায়াত নেতাদের বেআইনি কার্যক্রমের অভিযোগ উঠেছে।
“আমরা ইসিকে সংশ্লিষ্ট সংবাদ ও ভিডিও দিয়েছি। দ্রুত ও শক্ত পদক্ষেপ নিতে বলেছি, যাতে ভবিষ্যতে কেউ এমন ঘটনা ঘটাতে না পারে,” বলেন তিনি।
বিএনপির এই নেতা বলেন, সৈয়দপুরে টাকাসহ জামায়াত নেতা আটকের ঘটনায় ইসির সিনিয়র সচিবের বক্তব্য নিয়ে তারা অসন্তুষ্ট। “৫০ লাখ নয়, ৫ কোটি টাকা পর্যন্ত বহন করা যায়—এমন বক্তব্য ঠিক নয়। সময়টা স্বাভাবিক নয় বলেই বিকাশে ১০ হাজার টাকার বেশি পাঠানোর সীমা নির্ধারণ করা হয়েছে,” বলেন তিনি।
তবে ইসির সিনিয়র সচিব এ ধরনের মন্তব্য করেননি বলেও দাবি করা হয়েছে। এ বিষয়ে গণমাধ্যমকে সত্য উদ্ঘাটনের আহ্বান জানান নজরুল ইসলাম খান।
তিনি আরও বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক একটি কার্ডে উল্লেখ করেছেন—কাস্টমসের অনুমতি নিয়েই সংশ্লিষ্ট ব্যক্তি টাকা বহন করেছেন। “কেউ প্রশ্ন না করলেও কেন তিনি নিজ থেকে ব্যাখ্যা দিলেন—এখানেই প্রশ্নের সৃষ্টি হয়েছে,” বলেন নজরুল ইসলাম খান।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন বানচালের চেষ্টা যে কেউ করতে পারে—হোক তা পরিবর্তনবিরোধী শক্তি বা নিশ্চিত পরাজয়ের আশঙ্কায় থাকা পক্ষ। এ ক্ষেত্রে নির্বাচন কমিশনের শক্ত ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, “কেউ নির্বাচন প্রতিরোধ বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে জনগণই তাদের প্রতিহত করবে। এমনকি আমরাও যদি এমন চেষ্টা করি, জনগণ আমাদেরও প্রতিরোধ করবে।”
রেডিওটুডে নিউজ/আনাম

