পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের বিএনপি সমর্থিত প্রার্থী গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক (নুর) গুলিবিদ্ধ হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন— খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এই খবরকে সম্পূর্ণ মিথ্যা আখ্যা দিয়ে নুরুল হক জানান, তিনি সম্পূর্ণ সুস্থ ও অক্ষত আছেন এবং বর্তমানে নিজ নির্বাচনী এলাকাতেই অবস্থান করছেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিষয়টি নজরে আনা হলে নুরুল হক গণমাধ্যমকে জানান, তিনিও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের গুলিবিদ্ধ হওয়ার খবর দেখেছেন। তবে বাস্তবে এমন কোনো ঘটনা ঘটেনি।
বিষয়টিকে উদ্দেশ্যপ্রণোদিত গুজব দাবি করে তিনি বলেন, তাকে জড়িয়ে গুলিবিদ্ধ হওয়ার গুজব ছড়ানোর উদ্দেশ্য হলো তার কর্মী-সমর্থকদের মনোবল ভেঙে দেওয়া এবং তৃণমূল ভোটারদের মধ্যে ভয় সৃষ্টি করা।
তবে নুরুল হকের অভিযোগ, তার কর্মী-সমর্থকদের ওপর হামলা ও মারধর করছেন প্রতিদ্বন্দ্বী বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী হাসান মামুনের লোকজন। এতে তিনি ও তার সমর্থকেরা আতঙ্কের মধ্যে আছেন। নুরুল হক দাবি করেন, হাসান মামুনের স্ত্রী প্রশাসনের একজন কর্মকর্তা হওয়ায় স্থানীয় প্রশাসনে প্রভাব বিস্তার করছেন। এর ফলে অভিযোগ দেওয়া হলেও অনেক ক্ষেত্রে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না।
রেডিওটুডে নিউজ/আনাম

