ঐতিহ্য ও আধুনিক প্রযুক্তির এক অনন্য মেলবন্ধনে নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে উদযাপিত হলো চীনা নববর্ষ বা বসন্ত উৎসব।
সম্প্রতি জাতিসংঘে নিযুক্ত চীনা মিশনের আয়োজনে এই বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রথমবারের মতো অংশ নেয় চীনা রোবট।
'জাতিসংঘের সাথে ক্ষিপ্র গতিতে এগিয়ে চলা' প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে চীনের উদ্ভাবনী শক্তি ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক অসাধারণ প্রদর্শনী দেখা যায়। এতে জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ১২০টিরও বেশি দেশের কূটনীতিকসহ প্রায় ৬০০ অতিথি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং বলেন, ‘ঘোড়া হলো সাহস, ঐক্য এবং অধ্যাবসায়ের প্রতীক। এই প্রাণীর প্রাণশক্তি থেকে অনুপ্রাণিত হয়ে চীন বিশ্বের সকল দেশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে প্রস্তুত।’
তিনি আরও বলেন, চীন জাতিসংঘের আদর্শকে সমর্থন, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং মানবজাতির জন্য একটি অভিন্ন ভবিষ্যতের সমাজ গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস অনুষ্ঠানে উপস্থিত থেকে বহুপাক্ষিকতাবাদ এবং বৈশ্বিক সংহতির প্রতি চীনের দৃঢ় সমর্থনের জন্য ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, ঘোড়ার উদ্দীপনা ও শক্তি বিশ্বের প্রতিটি মানুষের জীবনে সুস্বাস্থ্য, সুখ এবং সমৃদ্ধি বয়ে আনবে।
রেডিওটুডে নিউজ/আনাম

