ভোট কেনার অভিযোগে জামায়াত কর্মী আটক

বৃহস্পতিবার,

১২ ফেব্রুয়ারি ২০২৬,

২৯ মাঘ ১৪৩২

বৃহস্পতিবার,

১২ ফেব্রুয়ারি ২০২৬,

২৯ মাঘ ১৪৩২

Radio Today News

ভোট কেনার অভিযোগে জামায়াত কর্মী আটক

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০০:০০, ১২ ফেব্রুয়ারি ২০২৬

Google News
ভোট কেনার অভিযোগে জামায়াত কর্মী আটক

পটুয়াখালী-১ আসনের মির্জাগঞ্জে ঈগল প্রতীকের প্রার্থীর পক্ষে ভোট কেনার অভিযোগে সৈয়দ কামাল হোসেন নামে এক জামায়াত কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কিসমত রামপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

আটক সৈয়দ কামাল হোসেনের বাড়ি উপজেলার মাধবখালী ইউনিয়নের মীরা বাড়ি এলাকায়। তিনি জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা গেছে।

স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, নির্বাচনের পরিবেশ ক্ষুণ্ন করতে এবং ঈগল প্রতীকের পক্ষে জনমত প্রভাবিত করতে সৈয়দ কামাল হোসেন এলাকায় টাকা বিতরণ করছিলেন।

মাধবখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সুমন তালুকদার সাংবাদিকদের বলেন, কামাল হোসেন অন্তত ৫০ হাজার টাকা নিয়ে এলাকায় এসেছিলেন ঈগল প্রতীকের পক্ষে ভোট কেনার জন্য। বিষয়টি টের পেয়ে আমরা তাকে আটক করে পুলিশে দেই।

তবে ভোট কেনার অভিযোগ অস্বীকার করে সৈয়দ কামাল হোসেন দাবি করেন, তিনি ভোট কিনতে নয়, বরং সংশ্লিষ্ট প্রার্থীর পোলিং এজেন্টদের খরচ বাবদ টাকা দিতে সেখানে গিয়েছিলেন।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, তাকে আনুষ্ঠানিকভাবে আটক করা হয়নি। স্থানীয় কিছু লোকজন তাকে ঘেরাও করে রেখেছিল। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে হেফাজতে নেয়।

তার কাছে ২৫ হাজার টাকা পাওয়া যায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি শুনে থানায় এনে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন।
মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোসা. মলিহা খানম জানান, তাকে টাকা বিতরণরত অবস্থায় পাওয়া যায়নি। তাই মুচলেকা নিয়ে বিষয়টির নিষ্পত্তি করা হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের