বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ আলজেরিয়া পৌঁছেছেন। ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিনি সরকারি সফরে দেশটিতে অবস্থান করবেন।
গতকাল সোমবার (১৯ অক্টোবর) তিনি আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে পৌঁছেছেন। তিনি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জ্বালানি খাতে কার্যক্রম পরিচালনাকারী বিভিন্ন কোম্পানির প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
আলজেরিয়ার হাইড্রোকার্বন ও খনিজ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বিমানবন্দরের প্রেসিডেনশিয়াল ভিআইপি লাউঞ্জে বাংলাদেশের মন্ত্রীকে স্বাগত জানান আলজেরিয়ার প্রতিমন্ত্রী ও হাইড্রোকার্বনবিষয়ক দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মোহাম্মদ আরকাব।
এই সফরের মূল লক্ষ্য হলো, বিশেষ করে হাইড্রোকার্বন খাতে বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে সহযোগিতা আরও জোরদার করা।
সফরকালে বাংলাদেশের প্রতিনিধিদল আলজেরিয়ার কয়েকজন শীর্ষ কর্মকর্তার সঙ্গে বৈঠক করবে বলে আশা করা হচ্ছে। এসব বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ এবং অর্থনৈতিক ও বিনিয়োগ অংশীদারত্ব উন্নয়নের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হবে।
বিশেষ করে তেল ও গ্যাস শিল্পে সহযোগিতা বৃদ্ধি, পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পাবে।
রেডিওটুডে নিউজ/আনাম

