নির্বাচন কমিশনে (ইসি) সদ্য নিয়োগ পাওয়া অতিরিক্ত সচিব শামসুল আলমের বিরুদ্ধে সরাসরি দলীয় রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে অবিলম্বে তার নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে এই ধরনের নিয়োগকে ‘অনৈতিক’ দাবি করে ইসিকে সরকারের আজ্ঞাবহ করার চক্রান্তসহ আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেছে দলটি।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে সমসাময়িক নানা রাজনৈতিক পরিস্থিতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই দাবি জানান।
সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, নির্বাচন কমিশনকে আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত করতেই শামসুল আলমকে অতিরিক্ত সচিব হিসেবে ‘অনৈতিকভাবে’ নিয়োগ দেওয়া হয়েছে, যিনি সরাসরি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। আমরা এই নিয়োগ অবিলম্বে বাতিলের দাবি জানাচ্ছি। এই নিয়োগ বাতিল না করা হলে দেশের আসন্ন স্থানীয় সরকার নির্বাচন কখনোই সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে না।
প্রশাসনে দলীয়করণের চিত্র তুলে ধরে জামায়াতের এই জ্যেষ্ঠ নেতা আরও অভিযোগ করেন, বর্তমান বিএনপি সরকার পুরো প্রশাসনকে নির্লজ্জভাবে দলীয়করণ করে চলেছে। সিটি করপোরেশন ও জেলা পরিষদসহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশাসক বসানোর পর এবার দেশের গুরুত্বপূর্ণ সরকারি পদগুলোতে ছাত্রদলের সাবেক নেতাদের নিয়োগ দেওয়া হচ্ছে, যা একটি নিরপেক্ষ শাসনব্যবস্থার জন্য চরম উদ্বেগজনক।
রেডিওটুডে নিউজ/আনাম

