শনিবার,

০৩ অক্টোবর ২০২৬,

১৮ আশ্বিন ১৪৩৩

শনিবার,

০৩ অক্টোবর ২০২৬,

১৮ আশ্বিন ১৪৩৩

Radio Today News

বন্যার্তদের পাশে দাড়াতে নিজের ট্রফি নিলামে তুলছেন ফুটবলার রিপা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫:২৬, ২৩ জুন ২০২২

Google News
বন্যার্তদের পাশে দাড়াতে নিজের ট্রফি নিলামে তুলছেন ফুটবলার রিপা

সংগৃহিত ছবি

বাংলাদেশের সিলেট বিভাগের ভয়ঙ্কর বন্যার কবলে লাখ লাখ মানুষ। বিগত সপ্তাহ খানেক সিলেট-সুনামগঞ্জের লাখ লাখ মানুষ কাটাচ্ছেন বিপর্যস্ত জীবন। বন্যায় তাদের দুর্ভোগ বাড়ছেই। যে যার জায়গা থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। এবার বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দলের ফুটবলার শাহেদা আক্তার রিপাও তাদের পাশে দাঁড়ালেন অন্য রকম উদ্যোগ নিয়ে।

গত বছর অর্থ্যাৎ ২০২১ সালে সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ওই আসরে সর্বোচ্চ ৫ গোল করে সর্বোচ্চ গোলদাতার ট্রফি পেয়েছিলেন শাহেদা আক্তার রিপা।

এবার বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে সেই সোনালি স্মারকটি নিলামে তুলছেন রিপা। সেখান থেকে পাওয়া অর্থ তুলে দিবেন বন্যার্তদের সহায়তায়।

বুধবার নিজের ফেসবুক পেজে রিপা এই ঘোষণা দেন, “আসসালামুআলাইকুম। আমি শাহেদা আক্তার রিপা, বাংলাদেশ মহিলা অনূর্ধ্ব-১৯ ফুটবল টিমের একজন সদস্য। সিলেটে বন্যর্তদের পাশে দাঁড়াতে আমি ছোট্ট একটি উদ্যোগ নিয়েছি।”

জীবনের সেরা প্রাপ্তি বিসর্জন দেওয়ার কথা লিখেছেন তিনি, “আমার ছোট্ট ক্যারিয়ার জীবনে আমার সবচেয়ে যেটা বড় পাওয়া সেটা হলো, ২০২১ সালে শেষ হওয়া সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। ওই টুর্নামেন্টের আমি সেরা গোলদাতা (৫ গোল) ও সেরা খেলোয়াড় (৩ ম্যাচে) হয়েছিলাম। উক্ত সেরা গোলদাতার ট্রফিটি আমি নিলামে তুলতে চাই। যার সম্পূর্ণ অর্থ ব্যয় হবে সিলেটের বন্যার্ত মানুষের পাশে। কোনো দয়াবান ব্যক্তি যদি এই মহৎ কাজের অংশীদার হোন তাহলে আমরা কিছুটা হলেও বন্যার্ত মানুষের পাশে থাকতে পারবো।”

নিজের উদ্যোগ সফল করার জন্য সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন এই নারী ফুটবলার, “আমার এই ট্রফিটা আমার বাড়িতে শোকেসে রাখা আছে, হয়তো সারাজীবন থাকবে। কিন্তু কোনো মানুষের কাজে আসবে না। এই মুহূর্তে সিলেটের সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হলো সবার সহযোগিতা। আমি যদি সিলেটের পাশে একটু হলেও দাঁড়াতে পারি তাহলে আপনাদের সবার প্রতি চির কৃতজ্ঞ থাকবো। সাংবাদিক ভাইদের সহযোগিতা কামনা করছি।”

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536