বিশ্বকাপ মিশনের শুরুতেই স্বস্তির খবর পেল আর্জেন্টিনা। ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠে দলের উদ্বোধনী ম্যাচে একাদশে ফিরছেন অধিনায়ক লিওনেল মেসি।
আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি নিশ্চিত করেছেন, টুর্নামেন্টের প্রথম ম্যাচেই মেসিকে নিয়ে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। মেসিও নিজেকে শতভাগ ফিট এবং খেলার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, মেসি সম্পূর্ণ ফিটনেস ফিরে পেয়েছেন এবং ম্যাচ খেলার জন্য পুরোপুরি প্রস্তুত। ফলে শিরোপা ধরে রাখার অভিযানে তার প্রত্যাবর্তন আর্জেন্টিনার জন্য বড় শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ আফ্রিকার শক্তিশালী দল আলজেরিয়া। যুক্তরাষ্ট্রের কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার (১৭ জুন) সকাল ৭টায় ম্যাচটি শুরু হবে।
এই ম্যাচে আর্জেন্টিনাকে তাদের পরিচিত ৪-৩-৩ ফরমেশনে খেলানোর পরিকল্পনা করেছেন কোচ স্কালোনি। বলের দখল ধরে রেখে ছোট ছোট পাসের মাধ্যমে আক্রমণ গড়ে তোলাই হবে তাদের মূল কৌশল। এই ব্যবস্থায় মেসি থাকবেন তুলনামূলক স্বাধীন ভূমিকায়। মাঝমাঠ থেকে খেলার গতি নিয়ন্ত্রণের পাশাপাশি তার সৃজনশীল পাস কাজে লাগিয়ে আক্রমণে থাকবেন লাউতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজ।
কাগজে-কলমে ম্যাচটিতে স্পষ্ট ফেভারিট আর্জেন্টিনা। দলটির আক্রমণভাগ ও মাঝমাঠে রয়েছে দারুণ ভারসাম্য। লাউতারো মার্টিনেজের গোল করার ক্ষমতা, হুলিয়ান আলভারেজের কারিগরি দক্ষতা, নিকো পাসের সম্ভাবনাময় পারফরম্যান্স, এনজো ফার্নান্দেজের সৃজনশীলতা এবং জুলিয়ানো সিমিওনের গতি প্রতিপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।
এর সঙ্গে রয়েছেন লিওনেল মেসি, যিনি এখনও নিজের সামর্থ্য দিয়ে ম্যাচের গতিপথ বদলে দিতে সক্ষম। সাম্প্রতিক সময়েও তিনি দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় হিসেবে নিজেকে প্রমাণ করে চলেছেন। তাই বিশ্বকাপের মঞ্চে তার প্রত্যাবর্তন আর্জেন্টিনা সমর্থকদের জন্য বাড়তি আত্মবিশ্বাসের উৎস হয়ে উঠেছে।
রেডিওটুডে নিউজ/আনাম

