ব্রাজিলের দুঃসংবাদ, গ্রুপ পর্বে আর খেলতে পারবেন না নেইমার

মঙ্গলবার,

১৬ জুন ২০২৬,

২ আষাঢ় ১৪৩৩

মঙ্গলবার,

১৬ জুন ২০২৬,

২ আষাঢ় ১৪৩৩

Radio Today News

ব্রাজিলের দুঃসংবাদ, গ্রুপ পর্বে আর খেলতে পারবেন না নেইমার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৭, ১৬ জুন ২০২৬

আপডেট: ১৫:৪৭, ১৬ জুন ২০২৬

Google News
ব্রাজিলের দুঃসংবাদ, গ্রুপ পর্বে আর খেলতে পারবেন না নেইমার

ব্রাজিল সমর্থকদের জন্য এসেছে হতাশার খবর। চোট কাটিয়ে ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতে মাঠে নামতে পারছেন না তারকা ফরোয়ার্ড নেইমার। এমন চাঞ্চল্যকর খবরই জানিয়েছে ইএসপিএন। 

সর্বশেষ তথ্য অনুযায়ী, নকআউট পর্বের আগে ব্রাজিলের জার্সিতে তার মাঠে ফেরার সম্ভাবনা খুবই ক্ষীণ। হাইতির বিপক্ষে ব্রাজিলের দ্বিতীয় গ্রুপ ম্যাচের আগেও ৩৪ বছর বয়সী এই তারকা অনুশীলনে ফিরতে পারেননি।

ক্রীড়া সংবাদমাধ্যম ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে, এক সপ্তাহ আগে করা মেডিকেল পরীক্ষার পর নেইমারের নতুন করে পরীক্ষা-নিরীক্ষা চলছে। গত ১৭ মে ক্লাব সান্তোসের হয়ে খেলতে গিয়ে কাফ মাংসপেশিতে (গ্রেড-টু) চোট পান তিনি।

চোট নিয়েই বিশ্বকাপ দলে জায়গা পেলেও এখন পর্যন্ত দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে অংশ নিতে পারেননি নেইমার। সোমবার নিউইয়র্ক রেড বুলস ট্রেনিং সেন্টারেও তাকে পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যেতে দেখা গেছে। যদিও নতুন মেডিকেল রিপোর্ট এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

তবে ব্রাজিলের বিভিন্ন গণমাধ্যমের দাবি, দলের মেডিকেল স্টাফরা নেইমারকে নকআউট পর্বের পরিকল্পনায় রেখেই এগোচ্ছেন। ফলে গ্রুপ ‘সি’-তে হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দুটিতে দর্শক হিসেবেই থাকতে হতে পারে ব্রাজিলের এই পোস্টার বয়কে।

বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে অভিযান শুরু করেছে সেলেসাওরা। আগামী শনিবার ভোর সাড়ে ৬টায় হাইতির মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ২৫ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

প্রথম ম্যাচে বেঞ্চে থাকলেও অফিশিয়াল কিট বা জার্সিতে দেখা যায়নি নেইমারকে।

নেইমারের বর্তমান অবস্থা নিয়ে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বলেন, “নেইমার যত দ্রুত সম্ভব মাঠে ফেরার জন্য কঠোর পরিশ্রম করছে। আমরা আশা করছি, আগামী সপ্তাহে সে সুস্থ হয়ে দলের সঙ্গে যোগ দিতে পারবে।”

দলে নেইমারের গুরুত্ব তুলে ধরে আনচেলত্তি আরও বলেন, “আমরা ওকে দলে নিয়েছি তার অসাধারণ টেকনিক্যাল সামর্থ্যের কথা বিবেচনা করেই। শুধু মাঠের খেলাই নয়, তরুণ ফুটবলারদের অনুপ্রাণিত করতে তার অভিজ্ঞতা ও নেতৃত্বও দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের