সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়লেন কয়েকজন ফুটবলার। তাদের মধ্যে একজন মাঠেই মৃত্যুবরণ করলেন। নিহত ফুটবলারের নাম সোফওয়ান আওয়ে।
গতকাল মঙ্গলবার (৪ আগস্ট) থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের নারাথিওয়াত প্রদেশে মর্মান্তিক এই ঘটনা ঘটেছে।
দেশটির খবরের ওয়েবসাইট থাই এনকোয়ারার, মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমস ও মালয়েশিয়ার বার্তা সংস্থা বের্নামা এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সোফওয়ান আওয়ে নিহত হওয়ার পাশাপাশি আরো ১২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে মালয়েশিয়ার এক ফুটবলারও আছেন। আহতদের সুংগাই গোলোক হাসপাতালে নেওয়া হয়েছে।
স্থানীয় সময় গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে নারাথিওয়াতের সুংগাই গোলোক শহরের সান্তিফাপ স্টেডিয়ামে আঞ্চলিক এফএ কাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচে মাঠে বজ্রপাত আঘাত আনে।
ম্যাচটি ছিল আবু এক্স নং সিরিন এবং স্যামকল্টের মধ্যে। স্যামকল্ট দলে থাইল্যান্ড ও মালয়েশিয়ার ফুটবলাররা একসঙ্গে খেলছিলেন। টুর্নামেন্টে মালয়েশিয়ার কেলান্তান এফসিসহ আরো কয়েকটি দল অংশ নিয়েছে। সুংগাই গোলোক শহরটি থাইল্যান্ড ও মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত।
নিহত ফুটবলার সোফওয়ান আওয়ের বয়স ২৪ বছর।
এই উইঙ্গার থাইল্যান্ডের তৃতীয় বিভাগের ক্লাব ইয়ালা এফসির খেলোয়াড় ছিলেন। ঘটনার মাত্র কয়েক দিন আগে তিনি আবু এক্স নং সিরিনে যোগ দিয়েছিলেন। এর আগে তিনি পাট্টানি এফসির হয়েও খেলেছেন।
সুংগাই গোলোক পুলিশের প্রধান থুন সিরিখুন্ট বার্তা সংস্থা বের্নামাকে জানান, বিকেল সাড়ে ৫টার দিকে জরুরি ফোন পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সোফওয়ানকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে। চিকিৎসক দল তাকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করেছে। কিন্তু বজ্রপাতে গুরুতর আহত হওয়ায় তাকে বাঁচানো সম্ভব হয়নি।
থুন সিরিখুন্ট আরো জানান, আহত মালয়েশিয়ান ফুটবলারের নাম মোহাম্মদ আলিফ এজ্জাহান জুলকিফলি। ২২ বছর বয়সী এই ফুটবলার স্যামকল্টের হয়ে খেলছিলেন।
বজ্রপাতে সোফওয়ানের মৃত্যুতে থাইল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন গভীর শোক প্রকাশ করেছে, ‘এই শোকাবহ ক্ষতির ঘটনায় আমরা গভীর শোক প্রকাশ করছি। একই সঙ্গে নিহতের পরিবার, সংশ্লিষ্ট সবাই এবং ফুটবল ক্লাবের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’
রেডিওটুডে নিউজ/আনাম

