কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী এলাকায় একটি পাঁচতারকা হোটেলের সুইমিং পুলে গোসল করতে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম মিরাজ আহমদ (৩৮)। তার বাড়ি মুন্সিগঞ্জে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন হোটেল বে-ওয়াচ-এর সুইমিং পুলে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পরিবারের সদস্যদের সঙ্গে সুইমিং পুলে নামার কিছুক্ষণ পরই মিরাজ আহমদ হঠাৎ অচেতন হয়ে পড়েন। পরে হোটেল কর্তৃপক্ষ দ্রুত তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হোটেল কর্তৃপক্ষ জানায়, স্ত্রী ও সন্তানকে নিয়ে দুই দিনের ভ্রমণে গত সোমবার মুন্সিগঞ্জ থেকে কক্সবাজারে আসেন মিরাজ আহমদ। পরে তারা ইনানীর হোটেল বে-ওয়াচে ওঠেন। মঙ্গলবার দুপুরের পর পরিবারের সদস্যদের সঙ্গে সুইমিং পুলে গোসল করতে নেমে এ দুর্ঘটনার শিকার হন তিনি।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সুইমিং পুলে সাঁতার কাটার সময় হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি অচেতন হয়ে পড়েন। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, মিরাজ আহমদ আগে থেকেই হৃদ্রোগে আক্রান্ত ছিলেন।
তিনি আরও জানান, এ ঘটনায় উখিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম

