তিন জেলায় মৃদু তাপপ্রবাহ, উত্তরে ভারী বৃষ্টির আভাস

রোববার,

২৮ জুন ২০২৬,

১৪ আষাঢ় ১৪৩৩

রোববার,

২৮ জুন ২০২৬,

১৪ আষাঢ় ১৪৩৩

Radio Today News

কয়েক জেলায় বন্যার শঙ্কা

তিন জেলায় মৃদু তাপপ্রবাহ, উত্তরে ভারী বৃষ্টির আভাস

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:৫৪, ২৮ জুন ২০২৬

Google News
তিন জেলায় মৃদু তাপপ্রবাহ, উত্তরে ভারী বৃষ্টির আভাস

বর্ষাকাল চললেও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত কমে গিয়ে আবারও বাড়তে শুরু করেছে গরমের তীব্রতা। রাজশাহী, পাবনা ও যশোর জেলায় গতকাল শনিবার মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে, যা আরও কিছু সময় অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সময়ে উত্তরাঞ্চল ও সিলেট অঞ্চলে ভারী বৃষ্টির কারণে সেসব এলাকার নদনদীর পানি বেড়ে কয়েকটি জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত শুক্রবার রাজশাহী, পাবনা, যশোর ও খুলনা জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে গেলেও গতকাল শনিবার খুলনায় তাপপ্রবাহের পরিস্থিতি কমে আসে। তবে রাজশাহী, পাবনা ও যশোরে তাপপ্রবাহ অব্যাহত ছিল।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক বেশি। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে তা হবে কম এলাকায় এবং তুলনামূলক কম পরিমাণে। তিনি বলেন, আগামী ৩০ জুনের পর সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে উত্তরাঞ্চল ও সিলেট অঞ্চলের কয়েকটি নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সাত জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।  শনিবার প্রকাশিত কেন্দ্রের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে আগামী ৭২ ঘণ্টার মধ্যে সিলেট ও সুনামগঞ্জ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে। এ ছাড়া নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা নদী, সুনামগঞ্জের মারকুলি পয়েন্টে সুরমা নদী, মৌলভীবাজার অংশে কুশিয়ারা নদী এবং নেত্রকোনার কলমাকান্দা

পয়েন্টে সোমেশ্বরী নদী সতর্কসীমার কাছাকাছি বা ওপর দিয়ে  প্রবাহিত হচ্ছে। বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর ও গাইবান্ধা জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের