ইমেরিটাস অধ্যাপক হিসেবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহর আজীবন নিয়োগ বাতিল করা হয়েছে। একই সঙ্গে ওই পদের বিপরীতে তার তোলা সব সম্মানি ও ভাতা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার এ সংক্রান্ত চিঠি হাতে পেয়েছেন বলে বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন অধ্যাপক আব্দুল্লাহ।
“এটা অত্যন্ত একটা অসম্মানজনক। এটা অত্যন্ত নিন্দনীয়, অসম্মানের। এটা অশোভন একটা কাজ করছে এরা” বলেন অধ্যাপক আব্দুল্লাহ।
২০২২ সালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই চিকিৎসককে আজীবনের জন্য ‘ইমেরিটাস অধ্যাপক’ পদে নিয়োগ দিয়েছিলেন।
মেডিসিনের সুপরিচিত এই চিকিৎসক বিবিসি বাংলাকে বলেন, “সাধারণত আজীবনের জন্য দেওয়া হয়। সম্মানিত পোস্ট এটা, এটাতো কোনো চাকরি-বাকরি না। আফটার রিটায়ারমেন্ট প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড দেখে দেয়। আমাদের বাংলাদেশ ইউনিভার্সিটিতে আমিই প্রথম। অন্য ইউনিভার্সিটিতেও আছে।”
তিনি জানান, এই পদে কোনো বেতন-ভাতা দেওয়া হয় না, একটা অনারেরিয়াম দেওয়া হয়।
বেশ ক্ষোভের সাথেই অধ্যাপক আব্দুল্লাহ বলেন, “বাতিলটাও করতে পারে না, এটা অন্যায়, অযৌক্তিক। আর টাকা ফেরত চেয়েছে এটা আরো অযৌক্তিক। দুইটার কোনোটাই করতে পারে না তারা। করছে আর কি, গায়ের জোরে।”
তাকে “আত্মপক্ষ সমর্থণের কোনো সুযোগ দেওয়া হয়নি” বলেও উল্লেখ করেন তিনি।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি।
রেডিওটুডে নিউজ/আনাম

