জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জিম্বাবুয়ের কন্ডিশনে খেলা হওয়ায় অভিজ্ঞদেরই সুযোগ দেওয়া। এছাড়া ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে তিন ম্যাচের সিরিজ থেকে পূর্ণ পয়েন্ট পেতে চায় বাংলাদেশ।
বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার সমকালকে বলেন, ‘সেরা খেলোয়াড়দের নিয়ে জিম্বাবুয়ে যাওয়ার পেছনে বেশ কয়েকটি কারণ আছে; প্রথমত ২০২৭ সালের বিশ্বকাপ হবে ওই কন্ডিশনে, বিশ্বকাপে সরাসির খেলার জন্য র্যাঙ্কিংয়ে উন্নতির জন্য রেটিং পয়েন্ট বাড়াতে হবে। আরেকটি কারণ হলো ছন্দ থাকা দলটিকে ভাঙতে চাইনি। এছাড়া জিম্বাবুয়ে তাদের কন্ডিশনে সব সময় ভালো খেলে। এই বিষয়গুলো মাথায় রেখে পূর্ণ শক্তির দল গড়া হয়েছে।’
তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে ২৮ জুন দুপুরে জিম্বাবুয়ের উদ্দেশে ঢাকা ছাড়বেন মোসাদ্দেক হোসেন সৈকতরা। ৬, ৯ ও ১১ জুলাই হারারে স্পোর্টস ক্লাব মাঠে হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজটি। একটি টেস্ট ও তিন ম্যাচ টি২০ সিরিজও খেলবে টাইগাররা। ২৮ জুন থেকে ২ জুলাই হারারে স্পোর্টস ক্লাব মাঠে হবে একমাত্র টেস্ট ম্যাচটি। ১৫, ১৭ ও ১৯ জুলাই বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে হবে তিন ম্যাচ টি২০ সিরিজ।
বাংলাদেশ ওয়ানডে দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।
রেডিওটুডে নিউজ/আনাম

