বিশ্বকাপে রেকর্ড রান করেও ভারতের কাছে হারল বাংলাদেশ

শুক্রবার,

২৬ জুন ২০২৬,

১৩ আষাঢ় ১৪৩৩

শুক্রবার,

২৬ জুন ২০২৬,

১৩ আষাঢ় ১৪৩৩

Radio Today News

বিশ্বকাপে রেকর্ড রান করেও ভারতের কাছে হারল বাংলাদেশ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৪৯, ২৫ জুন ২০২৬

Google News
বিশ্বকাপে রেকর্ড রান করেও ভারতের কাছে হারল বাংলাদেশ

একটি ক্যাচ কখনও কখনও পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে—বাংলাদেশ-ভারত ম্যাচে সেটাই যেন প্রমাণ হলো। বাংলাদেশের বিপক্ষে ভারতের ইনিংসের প্রথম ওভারেই শেফালি ভার্মার সহজ ক্যাচ ফেলেন উইকেটরক্ষক নিগার সুলতানা জ্যোতি। সেই জীবন পেয়েই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন ভারতীয় ওপেনার। তার ঝড়ো হাফ সেঞ্চুরিতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশকে ৫ উইকেটে হারায় ভারত।

ম্যানচেস্টারে টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২০ ওভারে ৮ উইকেটে ১৩৬ রান করে। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন জুয়াইরিয়া। জবাবে ১৬ ওভার ৫ বলে ৫ উইকেট হারিয়ে লক্ষ্য পূরণ করে ভারত।

রান তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন শেফালি। মারুফা আক্তারের অফ স্টাম্পের বাইরের বলে ক্যাচ তুললেও সুযোগটি কাজে লাগাতে পারেননি জ্যোতি। এরপর আর থামানো যায়নি ভারতীয় ওপেনারকে। মারুফার পর সানজিদা আক্তার মেঘলাকেও চাপে ফেলেন তিনি একের পর এক বাউন্ডারিতে।

অন্য প্রান্তে স্মৃতি মান্ধানা ৬ বলে ৮ রান করে আউট হলেও ভারতের রান তোলার গতি কমেনি। পাওয়ার প্লে শেষেই ১ উইকেটে ৬৩ রান তোলে তারা।

এরপর রাবেয়ার এক ওভারে একাধিক বাউন্ডারি মেরে মাত্র ২৯ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন শেফালি। তবে কিছুক্ষণ পর নাহিদা আক্তারের বলে স্টাম্পিং হয়ে ফেরেন তিনি। তার ইনিংসে ছিল ৩৪ বলে ৫৩ রান, ৮ চার ও ১ ছক্কা।

পরবর্তীতে স্বস্তিকা ভাটিয়া ও রিচা ঘোষকে ফেরালেও বাংলাদেশের প্রত্যাবর্তনের সুযোগ শেষ পর্যন্ত কাজে লাগাতে পারেনি তারা। জেমিমাহ রদ্রিগেজের ১৫ বলে ২৬ রানের কার্যকর ইনিংস ম্যাচকে ভারতের দিকে নিয়ে যায়। শেষদিকে অধিনায়ক হারমানপ্রীত কৌর ও দীপ্তি শর্মা দায়িত্ব নিয়ে লক্ষ্য পার করিয়ে দেন।

এর আগে বাংলাদেশের ইনিংসের শুরুতেই ধাক্কা লাগে। দিলারা আক্তার দ্বিতীয় ওভারে ৮ বলে ৪ রান করে আউট হন। এরপর জুয়াইরিয়া ও সোবহানা মোস্তারি মিলে ইনিংস গুছিয়ে পাওয়ার প্লে শেষে ১ উইকেটে ৪০ রান তোলে বাংলাদেশ।

দ্বিতীয় উইকেটে গুরুত্বপূর্ণ জুটি গড়লেও বড় সংগ্রহে যেতে পারেনি বাংলাদেশ। জুয়াইরিয়া ৩৩, সোবহানা ২২ রান করে ফিরে যান। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৩২ রান করেন।

শেষদিকে শারমিন আক্তার সুপ্তা, রিতু মনি ও স্বর্ণা আক্তার দ্রুত রান যোগ করে দলকে ১৩৬ রানে পৌঁছে দেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের