হরমুজে আটকা ১১ হাজার নাবিককে সরিয়ে নেওয়ার কাজ শুরু

বুধবার,

২৪ জুন ২০২৬,

১০ আষাঢ় ১৪৩৩

বুধবার,

২৪ জুন ২০২৬,

১০ আষাঢ় ১৪৩৩

Radio Today News

হরমুজে আটকা ১১ হাজার নাবিককে সরিয়ে নেওয়ার কাজ শুরু

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:২৫, ২৪ জুন ২০২৬

আপডেট: ১০:৩৫, ২৪ জুন ২০২৬

Google News
হরমুজে আটকা ১১ হাজার নাবিককে সরিয়ে নেওয়ার কাজ শুরু

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ অবসানের সমঝোতা স্মারক স্বাক্ষরের পর, হরমুজ প্রণালীতে আটকে পড়া ১১ হাজারেরও বেশি নাবিককে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)।

মঙ্গলবার (২৩ জুন) আইএমও মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গেজ এক বিবৃতিতে জানান, ইরান, ওমান, অঞ্চলের অন্যান্য উপকূলীয় রাষ্ট্র, যুক্তরাষ্ট্র এবং সামুদ্রিক শিল্পের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে এই উদ্ধার অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানের সফলতা নিশ্চিত করতে প্রয়োজনীয় নিরাপত্তা ও নিরাপদ নৌচলাচলের পরিস্থিতি পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর তেহরান কার্যকরভাবে হরমুজ প্রণালী বন্ধ করে দিলে বিপুলসংখ্যক বাণিজ্যিক জাহাজ ও নাবিক সেখানে আটকা পড়েন। তবে গত সপ্তাহে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তি স্বাক্ষরের পর এই জলপথে পুনরায় জাহাজ চলাচল বৃদ্ধি পেয়েছে। কেপলার শিপিং ইন্টেলিজেন্স এজেন্সির রিপোর্ট অনুযায়ী, গত সোমবার অন্তত ৩৬টি বাণিজ্যিক জাহাজ প্রণালীটি অতিক্রম করেছে, যা যুদ্ধ শুরুর পর থেকে সর্বোচ্চ।

ওমানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে সংঘর্ষের ঝুঁকি এড়াতে দীর্ঘ আলোচনার পর তৈরি করা আইএমও পরিকল্পনার অধীনে জাহাজগুলো পর্যায়ক্রমে ও নিয়ন্ত্রিতভাবে সরিয়ে নেওয়া হচ্ছে।

এদিকে, গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক জলপথটি পুরোপুরি সচল করতে ফ্রান্স ও ব্রিটেনের গঠিত একটি আন্তর্জাতিক সামুদ্রিক মিশনে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে ডেনমার্ক। অন্যদিকে, আল জাজিরা জানিয়েছে যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি নিয়ে আলোচনা ইতিবাচক দিকে এগোচ্ছে। এছাড়া হরমুজ প্রণালীর মাধ্যমে বাণিজ্য পুরোদমে চালু করতে ওমান ও ইরান যৌথভাবে কাজ করছে বলে জানা গেছে। আল জাজিরা

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের