বলিউডের আলোচিত মডেল ও অভিনেত্রী পুনম পাণ্ডে সামাজিক যোগাযোগমাধ্যমে বেবি বাম্পের ছবি শেয়ার করে নতুন করে আলোচনায় এসেছেন। ইনস্টাগ্রামে প্রকাশিত ছবিগুলোতে কখনো টি-শার্ট তুলে বেবি বাম্প দেখাতে, আবার কখনো হাসিমুখে পোজ দিতে দেখা গেছে তাকে।
ছবির ক্যাপশনে গর্ভবতী নারী, দুধের বোতল ও শিশুর ইমোজি ব্যবহার করায় ভক্তদের মধ্যে কৌতূহল আরও বেড়েছে। পোস্টটি ভাইরাল হওয়ার পর কমেন্টে শুভেচ্ছার পাশাপাশি নানা প্রশ্নও জমা পড়েছে।
তবে অনেকে এটিকে সন্দেহের চোখেও দেখছেন। এর আগে বিভিন্ন সময় আলোচনায় থাকতে ভিন্নধর্মী প্রচারণার আশ্রয় নিয়েছেন পুনম-এমন দাবি তুলে কেউ কেউ মনে করছেন, এটিও হয়তো তেমন কোনো কৌশল হতে পারে।
বর্তমানে ব্যক্তিগত সম্পর্ক নিয়েও প্রকাশ্যে কিছু জানাননি তিনি। ফলে সম্ভাব্য সন্তানের বাবার পরিচয় নিয়েও তৈরি হয়েছে জল্পনা।
২০২৪ সালে আচমকা পুনম পাণ্ডের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। অভিনেত্রীর টিমের পক্ষ থেকে সোশাল মিডিয়ায় মৃত্যুর খবর জানানো হয়। তিনি নাকি জরায়ু ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন। এই খবর দ্রুত ছড়িয়ে পড়ার ২৪ ঘণ্টার মধ্যে খবর আসে পুনম জীবীত আছেন। সেসময় যুক্তি দিয়ে তিনি বলেছিলেন, এটা ক্যানসার সম্পর্কে সচেতনতা বাড়ানোর একটি ক্যাম্পেনিং ছিল। এই ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন পুনম।
বর্তমানে হঠাৎ বেবি বাম্পের ছবি প্রকাশ পাওয়ায় নতুন করে প্রশ্ন উঠেছে-এটি কি সত্যিই তার জীবনের নতুন অধ্যায়, নাকি আবারও কোনো প্রচার কৌশল? এ বিষয়ে এখনো সরাসরি কিছু জানাননি পুনম পাণ্ডে।
প্রসঙ্গত, ২০১৯ সালে নির্মাতা স্যাম বম্বের সঙ্গে সম্পর্কে জড়ান পুনম পাণ্ডে। ২০২০ সালে বিয়েও করেন তারা। কিন্তু, বিয়ের পরই দাম্পত্য কলহ চরমে পৌঁছয়। স্বামীর বিরুদ্ধে শারীরিক নির্যাতন, হুমকি এবং শ্লীলতাহানির অভিযোগ আনেন। স্যাম বম্বে গ্রেফতার হলেও পরে তিনি জামিনে মুক্তি পান। একাধিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী, স্বামীর সঙ্গে হাতাহাতির কারণে পুনম গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
বিচ্ছেদের পর এক সাক্ষাৎকারে পুনম জানিয়েছিলেন, তিনি ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন এবং নতুন সম্পর্কে জড়ানোর বিষয়ে তখন ভাবছেন না। সূত্র: দ্য ওয়াল
রেডিওটুডে নিউজ/আনাম

