ইসরায়েল নিয়ে নেতিবাচক মনোভাব অধিকাংশ বাংলাদেশি ও মার্কিনির, সবচেয়ে কম ভারতীয়দের

শনিবার,

০৬ জুন ২০২৬,

২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

শনিবার,

০৬ জুন ২০২৬,

২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Radio Today News

পিউ রিসার্চের জরিপ

ইসরায়েল নিয়ে নেতিবাচক মনোভাব অধিকাংশ বাংলাদেশি ও মার্কিনির, সবচেয়ে কম ভারতীয়দের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৪৬, ৬ জুন ২০২৬

আপডেট: ২০:৪৬, ৬ জুন ২০২৬

Google News
ইসরায়েল নিয়ে নেতিবাচক মনোভাব অধিকাংশ বাংলাদেশি ও মার্কিনির, সবচেয়ে কম ভারতীয়দের

বাংলাদেশসহ বিশ্বের ৩৬টির মধ্যে অধিকাংশ দেশের বেশিরভাগ মানুষ ইসরায়েলের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করেন। সেই সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর তাদের আস্থা খুব কম কিংবা একেবারেই নেই। তবে ইসরায়েল ও নেতানিয়াহুকে নিয়ে নেতিবাচক মনোভাবের এই জরিপে সবার নিচে অবস্থান ভারতের।

যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের এক জরিপে এই তথ্য উঠে এসেছে। গত ৮ ফেব্রুয়ারি থেকে ১৩ মে পর্যন্ত চালানো হয় জরিপটি। ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরুর পরই মূলত জরিপসংক্রান্ত অধিকাংশ সাক্ষাৎকার নেয়া হয়।

ইসরায়েল সম্পর্কে মনোভাব

জরিপের আওতাভুক্ত দেশগুলোর গড়ে ৬৭ শতাংশ প্রাপ্তবয়স্ক নাগরিক ইসরায়েলের প্রতি নেতিবাচক বা প্রতিকূল মনোভাব দেখিয়েছেন। বিপরীতে মাত্র ২৫ শতাংশ মানুষের মনোভাব ছিল ইতিবাচক।

জরিপ করা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ বা অঞ্চলগুলোয় ইসরায়েলের প্রতি এই নেতিবাচক দৃষ্টিভঙ্গি বিশেষভাবে তীব্র। এর মধ্যে তুরস্ক (৯৭ শতাংশ), পাকিস্তান (৯৫ শতাংশ), মালয়েশিয়া (৮৯ শতাংশ), ইন্দোনেশিয়া (৮৬ শতাংশ), ফিলিস্তিনের পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম (৮৫ শতাংশ), বাংলাদেশ (৭৯ শতাংশ) রয়েছে।

এ ছাড়া জরিপের আওতায় থাকা ইউরোপের সব কটি দেশের মানুষই ইসরায়েল সম্পর্কে তুলনামূলক নেতিবাচক মূল্যায়ন করেছেন। বিশেষ করে নেদারল্যান্ডস (৭৬ শতাংশ), স্পেন (৭৮ শতাংশ) ও ইতালির (৭৫ শতাংশ) প্রায় অর্ধেক বা এর বেশি প্রাপ্তবয়স্ক মানুষ জানিয়েছেন, ইসরায়েলের প্রতি তাদের ‘অত্যন্ত নেতিবাচক’ মনোভাব রয়েছে। যুক্তরাষ্ট্রের (৬০ শতাংশ) অধিকাংশ মানুষও নেতিবাচক মনোভাব পোষণ করেন ইসরায়েলের প্রতি। 

এছাড়া উত্তর আমেরিকা ও ইউরোপের বেশ কয়েকটি দেশে বয়স্কদের তুলনায় তরুণদের মধ্যে ইসরায়েল সম্পর্কে নেতিবাচক মনোভাব বেশি দেখা গেছে। তবে এই জরিপে সবার নিচের দিকে অবস্থান শ্রীলঙ্কা (৪১ শতাংশ), নাইজেরিয়া (৪১ শতাংশ), ঘানা (৩৬ শতাংশ) ও ভারতের (২৮ শতাংশ)।

নেতানিয়াহুর ওপর আস্থা

জরিপ করা অধিকাংশ দেশের বেশির ভাগ মানুষই জানিয়েছেন, বৈশ্বিক বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর তাদের ‘খুব একটা বা একেবারেই’ আস্থা নেই।

এসব দেশের মধ্যে অনাস্থার হারের দিক থেকে প্রথম দিকে রয়েছে তুরস্ক (৯৫ শতাংশ), পাকিস্তান (৯২ শতাংশ), মালয়েশিয়া (৯১ শতাংশ), বাংলাদেশ (৯০ শতাংশ), ইন্দোনেশিয়া (৮৯ শতাংশ), পশ্চিম তীর/পূর্ব জেরুজালেম (৮৮ শতাংশ), জাপান (৮৭ শতাংশ), অস্ট্রেলিয়া (৮৪ শতাংশ), স্পেন (৮৪ শতাংশ), সুইডেন (৮৪ শতাংশ), নেদারল্যান্ডস (৮৩ শতাংশ), ইতালি (৮৩ শতাংশ), জার্মানি (৭৯ শতাংশ), সিঙ্গাপুর (৭৮ শতাংশ), দক্ষিণ কোরিয়া (৭৬ শতাংশ), পোল্যান্ড (৭৫ শতাংশ), যুক্তরাজ্য (৭৪ শতাংশ), ফ্রান্স (৭৩ শতাংশ), কানাডা (৭০ শতাংশ) ও যুক্তরাষ্ট্র (৬৫ শতাংশ)।

জরিপে অন্তর্ভুক্ত দেশগুলোর অর্ধেক বা এর চেয়ে বেশি প্রাপ্তবয়স্ক মানুষ জানিয়েছেন, নেতানিয়াহুর ওপর তাদের ‘একবিন্দুও আস্থা নেই’। তবে এ তালিকাতেও সবচেয়ে নিচে অবস্থান রয়েছে ভারতের (২৭ শতাংশ)।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের