বিশেষ চিঠি নিয়ে ইরান সফরে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

রোববার,

০৭ জুন ২০২৬,

২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

রোববার,

০৭ জুন ২০২৬,

২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Radio Today News

বিশেষ চিঠি নিয়ে ইরান সফরে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:২২, ৭ জুন ২০২৬

Google News
বিশেষ চিঠি নিয়ে ইরান সফরে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনির কাছে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের একটি বিশেষ চিঠি এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বার্তা পৌঁছে দিতে তেহরান সফর করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবেই এ সফর বলে জানিয়েছে পাকিস্তান।

শনিবার (৬ জুন) রাতে তেহরানে পৌঁছে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনির সঙ্গে বৈঠক করেন নাকভি। পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভি ডিজিটাল জানিয়েছে, বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে মহসিন নাকভি বলেন, ফিল্ড মার্শাল আসিম মুনিরের পক্ষ থেকে আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনির জন্য একটি বিশেষ চিঠি এবং বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বার্তা পৌঁছে দিতে আমি তেহরানে এসেছি।

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে পাকিস্তানের এ কূটনৈতিক তৎপরতা গুরুত্ব পেয়েছে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনায় অঞ্চলজুড়ে উদ্বেগ বেড়েছে এবং আগে থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি ব্যবস্থা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে পাকিস্তান গত কয়েক মাস ধরে সক্রিয় ভূমিকা পালন করছে। শনিবারের বৈঠকটি ছিল গত তিন দিনের মধ্যে নাকভি ও মোমেনির তৃতীয় সাক্ষাৎ। এর আগে কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে তারা আরও দুবার বৈঠক করেন।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা শুরু হওয়ার পর থেকে ইসলামাবাদ দুই পক্ষের মধ্যে যোগাযোগ ও বার্তা বিনিময়ে সহায়তার চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি শান্তি প্রতিষ্ঠার বিভিন্ন উদ্যোগেও পাকিস্তান সক্রিয়ভাবে অংশ নিচ্ছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

সূত্র: আরব নিউজ

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের