টানা চতুর্থবারের মতো দেশের বাজারে স্বর্ণের দাম আরেক দফা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৪ হাজার ৪৩২ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকা।
বৃহস্পতিবার (১১ জুন) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক সভায় দাম কমানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আজ সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন এই মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, দেশের বাজারে এখন থেকে প্রতি ভরি ২১ ক্যারেটের স্বর্ণ ২ লাখ ৮ হাজার ৪৩৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৬৯২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৪৫ হাজার ৫০৮ টাকায় বিক্রি হবে।
এর আগে টানা কয়েক দফা বাড়ার পর গতকালও দেশের বাজারে স্বর্ণের দাম কিছুটা কমানো হয়েছিল। পর পর দুই দিনে দামের এই বড় পতনে ক্রেতাদের মাঝে কিছুটা স্বস্তি ফিরবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
তবে স্বর্ণের দাম কমলেও রুপার আগের নির্ধারিত দাম অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছে বাজুস।
রেডিওটুডে নিউজ/আনাম

