বন্যার কবলে পড়তে পারে ১৬ জেলা

মঙ্গলবার,

০৭ জুলাই ২০২৬,

২৩ আষাঢ় ১৪৩৩

মঙ্গলবার,

০৭ জুলাই ২০২৬,

২৩ আষাঢ় ১৪৩৩

Radio Today News

বন্যার কবলে পড়তে পারে ১৬ জেলা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:০৬, ৭ জুলাই ২০২৬

Google News
বন্যার কবলে পড়তে পারে ১৬ জেলা

তিস্তাসহ দেশের উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের বেশ কয়েকটি নদ-নদীর পানি আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে দ্রুত বাড়তে পারে। এতে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করার পাশাপাশি দেশের ১৬ জেলার বিভিন্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রকাশিত বৃষ্টিপাত ও নদ-নদীর পরিস্থিতি বিষয়ক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, বর্তমানে দেশের প্রধান নদ-নদীগুলোর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। মঙ্গলবার সকাল ৯টার তথ্য অনুযায়ী, পর্যবেক্ষণাধীন কোনো নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেনি। ১২৭টি পানি সমতল পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে ৩৮টিতে পানি বেড়েছে, ৮৬টিতে কমেছে এবং তিনটি কেন্দ্রে পানি অপরিবর্তিত রয়েছে।

এদিকে উজানে ভারতের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে মেঘালয়ের মাওকিরওয়াতে ১৫৩ মিলিমিটার, আর কে এম সোহরায় ১৪১ মিলিমিটার, চেরাপুঞ্জিতে ১৩৩ মিলিমিটার এবং দক্ষিণ ত্রিপুরার সাবরামে ৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এসব বৃষ্টিপাতের প্রভাবে বাংলাদেশের উজানের নদীগুলোর পানি বাড়তে পারে।

বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় গোমতী, মুহুরি, ফেনী, সেলোনিয়া, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে। এর ফলে বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ির কিছু এলাকায় নদীর পানি বিপৎসীমার ওপরে উঠতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে সাময়িক বন্যা পরিস্থিতি দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।

এছাড়া লক্ষ্মীপুর ও নোয়াখালীর নদীঘেঁষা নিচু এলাকাগুলোও অস্থায়ীভাবে প্লাবিত হতে পারে।

অন্যদিকে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ জেলার কিছু এলাকায় আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে নদীর পানি বিপৎসীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এতে এসব জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানিও দ্রুত বাড়তে পারে। পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে নীলফামারী ও লালমনিরহাটের নদীসংলগ্ন নিচু এলাকায় বন্যার ঝুঁকি রয়েছে।

এ ছাড়া ধরলা ও দুধকুমার নদীর পানি লালমনিরহাট ও কুড়িগ্রামের কিছু এলাকায় সতর্কসীমায় পৌঁছাতে পারে। ফলে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে সাময়িক জলাবদ্ধতা বা প্লাবনের আশঙ্কা রয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের