উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে একই এলাকায় মৌসুমী নিম্নচাপে পরিনত হয়েছে বলে আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে।
আবহাওয়ার এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দিয়েছে অধিদপ্তর।
এতে বলা হয়েছে, এটি দুপুর বারোটায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫১০ কি.মি. পশ্চিম-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫২০ কি.মি. পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ২৮৫ কি.মি. পশ্চিম-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৩৪০ কি.মি. পশ্চিম-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।
পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে এই মৌসুমী নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে বলে সতর্কবার্তায় জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এর প্রভাবে সমুদ্র বন্দরগুলো, উত্তর বঙ্গোপসাগর এবং এই সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে অধিদপ্তর।
নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
একইসঙ্গে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে, পৃথক আরেকটি পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী, পাবনা, ঢাকা, কুমিল্লা, টাঙ্গাইল, সিলেট, কক্সবাজারসহ ১৮ জেলায় দমকা বা ঝড়োহাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এসব এলাকার ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়োহাওয়া বয়ে যেতে পারে।
এসব এলাকার নৌবন্দরগুলোকে এক নম্বর পুনরায় এক নম্বর সংকেত দেখাতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাত একটা পর্যন্ত এই পূর্বাভাস দেওয়া হয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম

