সুনামগঞ্জের জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে হাওরে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন তিনজন।
শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে জগন্নাথপুর পৌরসভার বৈঠাখালী এলাকায় মইয়ার হাওরে এ দুর্ঘটনা ঘটে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে অরুণ দেবনাথ নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
নিখোঁজ ব্যক্তিরা হলেন জগন্নাথপুরের ভবানীপুর এলাকার অধির দেবনাথ (৫০), হেমেন্দ্র দেবনাথ (৫৫) ও সতীন্দ্র দেবনাথ (৫২)।
স্থানীয়রা জানান, পৌরসভার পাশের মইয়ার হাওরপাড়ের বালুচল এলাকায় একটি বাড়িতে হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠানে ভবানীপুর এলাকার কয়েকজন অংশ নেন। অনুষ্ঠান শেষে রাত তিনটার দিকে তারা ডিঙি নৌকায় করে বাড়ি ফিরছিলেন। পথে মইয়ার হাওরের বৈঠাখালী এলাকায় নৌকাটি ডুবে যায়।
এ সময় নৌকায় থাকা কয়েকজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও অরুণ দেবনাথ, অধির দেবনাথ, হেমেন্দ্র দেবনাথ ও সতীন্দ্র দেবনাথ নিখোঁজ হন। পরে শনিবার সকালে উদ্ধার অভিযান শুরু হয়। বেলা সাড়ে ১১টার দিকে ডুবুরিরা অরুণ দেবনাথের মরদেহ উদ্ধার করেন। শনিবার সকাল থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসলাম উদ্দিন বলেন, 'ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ শুরু করেছেন। আমরা ঘটনাস্থলে যাচ্ছি।'
রেডিওটুডে নিউজ/আনাম

