আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ইতিহাসে এই প্রথম মামলার নথিপত্র আর সাক্ষীর জবানবন্দির গণ্ডি পেরিয়ে, অপরাধের ভয়াবহতা স্বচক্ষে দেখতে র্যাবের গোপন বন্দিশালা টিএফআই সেল পরিদর্শন করেছেন বিচারপতিরা। আজ (শনিবার, ১ আগস্ট) ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেল এই পরিদর্শন করেন। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, ভারতে পাচারের আগে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকেও আয়নাঘরে রাখা হয়েছিল। এর সঙ্গে সংশ্লিষ্ট কাউকেই ছাড় দেয়া যাবে না বলেও জানান তিনি।
ঘুটঘুটে অন্ধকার, পুরো ভূতরে এক পরিবেশ— যেন কবরের আরেক রূপ। যেখানে দিনের পর দিন আটকে রাখা হতো নিরীহ নিরপরাধ মানুষকে। করা হতো নির্মম পাশবিক নির্যাতন। প্রসিকিউশন বলছে, গুমের শিকার অন্তত ২৫০ জনের বেশি মানুষের সন্ধান এখনও পাওয়া যায়নি।
এটি রাজধানীর উত্তরায় অবস্থিত র্যাব একের অধীনস্থ একটি আয়নাঘরের দৃশ্য। যেখানে গুম করে রাখা হয়েছিল বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও বর্তমান সংসদ সদস্য ব্যারিস্টার আরমানসহ অনেক বিরোধী রাজনৈতিক নেতাকে।
শনিবার র্যাবের গোপন বন্দিশালা পরিদর্শনে আসেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিন বিচারপতি, প্রসিকিউশন টিম, আসামিপক্ষের আইনজীবী, গুমের শিকার ভুক্তভোগীদের পরিবার।
গোপন বন্দিশালা পরিদর্শন শেষে চিফ প্রসিকিউটর জানান, আন্তর্জাতিক মান বজায় রেখে গুম ও মানবতাবিরোধী অপরাধের বিচার আরও স্বচ্ছতার সঙ্গে করার জন্যই এই পরিদর্শন।
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, ‘র্যাব-১ এর এই আয়নাঘরে মোট ২৯টি কামরা পাওয়া গেছে। এই সেলগুলোতে আটতে রেখে কাউকে কাউকে দীর্ঘদিন পরে ছেড়ে দেয়া হতো। অনেককে মেরে ফেলা হতো।’
চিফ প্রসিকিউটর জানান, এই গোপন বন্দিশালার মাধ্যমে আওয়ামী লীগ ফ্যাসিবাদ কায়েম করেছে। এর পেছনে দল হিসেবে আওয়ামী লীগের দায় আছে। এর সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ছাড় দেয়া হবে না বলেও জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
তিনি বলেন, ‘বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকেও আয়নাঘরে রাখা হয়েছিল এবং পরে ভারতে নিয়ে ছেড়ে দেয়া হয়। আয়নাঘরের প্রমাণ গোপনের চেষ্টা করেছিল র্যাবের কতিপয় সদস্য। প্রমাণ নষ্টকারীদেরও বিচারের মুখোমুখি হতে হবে। গুম হওয়া আড়াইশোর বেশি মানুষের এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।’
এদিকে পরিদর্শন শেষে আয়নাঘরকে অসত্য বলে দাবি করেন আসামিপক্ষের আইনজীবীরা।
বিচারে স্বচ্ছতার স্বার্থে আগামী শনিবার ক্যান্টনমেন্টে ডিজিএফআই কার্যালয়ের ভেতরের জেআইসি সেল পরিদর্শন করবেন ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম।
রেডিওটুডে নিউজ/আনাম

