ঢাকায় একের পর এক বহুতল ভবন উঠছে। আবাসিক ভবনের অনুমোদন নিয়ে কোথাও গড়ে উঠছে বাণিজ্যিক প্রতিষ্ঠান, কোথাও নকশার ব্যত্যয় ঘটিয়ে নির্মাণ করা হচ্ছে ভবন। অগ্নিনিরাপত্তা ব্যবস্থা, জরুরি বহির্গমন পথ কিংবা পার্কিংয়ের পর্যাপ্ত ব্যবস্থা আছে কিনা, তা নিশ্চিত না করেই অনেক ভবন ব্যবহার করা হচ্ছে।
অথচ আইন অনুযায়ী, নির্মাণ শেষ হওয়ার পর ব্যবহার বা বসবাসের আগে নিতে হয় ভবন ব্যবহার সনদ বা অকুপেন্সি সার্টিফিকেট। এই সনদ ছাড়া ভবন ব্যবহারের সুযোগ নেই। কিন্তু বছরের পর বছর ধরে রাজধানীতে এ বিধানের কার্যকর প্রয়োগ নেই। এতে ব্যবহার সনদ ছাড়াই মিলছে বিদ্যুৎ ও পানির মতো জরুরি পরিষেবা সংযোগ।
এ অবস্থার অবসান ঘটাতে কঠোর হচ্ছে সরকার। নতুন ভবনে বিদ্যুৎ-পানির সংযোগে বাধ্যতামূলক করা হচ্ছে অকুপেন্সি সার্টিফিকেট। একই সঙ্গে ভবন নির্মাণসংক্রান্ত আইন লঙ্ঘনের শাস্তি ও জরিমানার পরিমাণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, নিয়ম না মেনে পরিষেবা সংযোগ দেওয়ার ক্ষেত্রে পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান করা হতে পারে। এ ছাড়া বিদ্যমান ‘বিল্ডিং কনস্ট্রাকশন অ্যাক্ট, ১৯৫২-এর ১২ ধারা অনুযায়ী, ভবন নির্মাণসংক্রান্ত বিধান লঙ্ঘনের দায়ে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ডের পাশাপাশি কমপক্ষে ৫০ হাজার টাকা জরিমানার যে বিধান রয়েছে, তা আরও কঠোর করার বিষয়টিও বিবেচনায় রয়েছে।
এ উদ্যোগ বাস্তবায়নে আজ মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রী পর্যায়ের কমিটির বৈঠক হওয়ার কথা। বৈঠকে সচিব পর্যায়ের কমিটির তৈরি করা প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এতে সুপারিশ অনুমোদিত হলে তা শিগগিরই মন্ত্রিসভার বৈঠকে তোলা হবে। মন্ত্রিসভার অনুমোদনের পর সংশ্লিষ্ট আইন ও বিধিমালা সংশোধন করে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
বিশেষজ্ঞরা বলছেন, শুধু নতুন ভবনে পরিষেবা সংযোগ বন্ধ করলেই হবে না, যেসব ভবন এরই মধ্যে ব্যবহার সনদ ছাড়াই চালু রয়েছে, সেগুলোর বিষয়েও কার্যকর ব্যবস্থা নিতে হবে। কারণ, অকুপেন্সি সার্টিফিকেট কেবল একটি আনুষ্ঠানিক অনুমতিপত্র নয়; এটি ভবনের নিরাপত্তা, নকশা অনুযায়ী নির্মাণ এবং বসবাস বা ব্যবহারের উপযোগিতা নিশ্চিত করার গুরুত্বপূর্ণ সনদ। এ ক্ষেত্রে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) দায়িত্বে অবহেলা ও অনিয়মের বিষয়টিও খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা।
ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) নির্বাহী পরিচালক অধ্যাপক ড. আদিল মোহাম্মদ খান সমকালকে বলেন, ভবন নির্মাণের সঙ্গে নির্মাতা, প্রকৌশলী, তত্ত্বাবধায়ক ও স্থপতি—সবারই দায় রয়েছে। তাদের কাছ থেকে প্রয়োজনীয় সনদ নেওয়ার বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব ছিল রাজউকের। কিন্তু সংস্থাটি সেই দায়িত্ব পালন করেনি।
তিনি বলেন, সরকারের এ উদ্যোগকে স্বাগত জানাই। তবে বিদ্যমান আইনে সাত বছরের কারাদণ্ডের যে বিধান রয়েছে, তা কোনোভাবেই কমানো যাবে না। একই সঙ্গে ৫০ হাজার টাকার জরিমানা বাড়িয়ে পাঁচ লাখ টাকার বেশি করা যেতে পারে।
আইন সংশোধনে উদ্যোগ
জানা গেছে, ঢাকা মহানগর ইমারত বিধিমালার যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে গত ২৯ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে তিন সদস্যের একটি মন্ত্রী পর্যায়ের কমিটি গঠন করা হয়। কমিটির অন্য দুই সদস্য হলেন আইনমন্ত্রী এবং গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী। কমিটি প্রথম সভায় এ বিষয়ে বিস্তারিত পর্যালোচনার জন্য গৃহায়ন ও গণপূর্ত সচিবকে প্রধান করে পাঁচ সদস্যের একটি সাচিবিক কমিটি গঠন করে। ওই কমিটি সংশ্লিষ্ট আইন ও বিধিমালা পর্যালোচনা করে সুপারিশসহ প্রতিবেদন তৈরি করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জমা দিয়েছে।
আজকের বৈঠকে প্রতিবেদনটি নিয়ে আলোচনা হবে। কমিটিকে ঢাকা মহানগর ইমারত বিধিমালা কার্যকরের জন্য পর্যাপ্ত আইনি কাঠামো নিশ্চিত করতে ‘বিল্ডিং কনস্ট্রাকশন অ্যাক্ট, ১৯৫২’ এবং ‘টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট, ১৯৫৩’ পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট আইনের প্রয়োজনীয় সংশোধন, পরিমার্জন ও চূড়ান্ত করার সুপারিশ তৈরির দায়িত্বও রয়েছে কমিটির।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান সমকালকে বলেন, অকুপেন্সি সার্টিফিকেট ছাড়া যেন বিদ্যুৎ ও পানির সংযোগ দেওয়া না হয়, সে জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে জানানো হয়েছে। একই সঙ্গে ভবন নির্মাণসংক্রান্ত বিধান লঙ্ঘনের শাস্তি ও জরিমানার পরিমাণ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। তিনি বলেন, এসব প্রস্তাব মন্ত্রী পর্যায়ের কমিটিতে অনুমোদন পেলে মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। মন্ত্রিসভা অনুমোদন দিলে সরকার তা বাস্তবায়ন করবে।
কীভাবে নিতে হয় ব্যবহার সনদ
ভবন নির্মাণ শেষ হলেই সেটি ব্যবহারের অনুমতি পাওয়া যায় না। নির্ধারিত প্রক্রিয়ায় নিতে হয় অকুপেন্সি সার্টিফিকেট। এ জন্য সুনির্দিষ্ট আবেদন ফরম রয়েছে। ভবনটি আবাসিক নাকি বাণিজ্যিক—ভূমি ব্যবহারের অনুমোদনের সময় যে উদ্দেশ্য উল্লেখ করা হয়েছে, তার ভিত্তিতে অনুমোদিত নকশা অনুযায়ী নির্মাণকাজ সম্পন্ন হয়েছে কিনা, তা যাচাই করা হয়।
এ ক্ষেত্রে ভবনের সিঁড়ি, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, জরুরি বহির্গমন পথ, পার্কিং, ব্যবহারের ধরনসহ বিভিন্ন বিষয় পরীক্ষা করা হয়। অনুমোদিত নকশার সঙ্গে বাস্তব নির্মাণের সামঞ্জস্য এবং ভবনটি ব্যবহারের উপযোগিতা নিশ্চিত হওয়ার পরই এ সনদ দেওয়ার কথা।
অধ্যাপক আদিল মোহাম্মদ খান বলেন, এসব শর্ত পূরণ না হলে কোনো ভবন ব্যবহারের অনুমোদন পাওয়ার কথা নয়। অকুপেন্সি সার্টিফিকেট থাকলেই কেবল সংশ্লিষ্ট ভবনে গ্যাস, বিদ্যুৎ ও পানির মতো পরিষেবা পাওয়ার কথা। বিদ্যমান আইন অনুযায়ী, কোনো ভবন এ সনদ ছাড়াই ব্যবহার করা হচ্ছে বলে কর্তৃপক্ষের নজরে এলে সেটির ব্যবহার বন্ধ করে দেওয়ার ক্ষমতাও রয়েছে।
৪০ হাজার ভবনের মধ্যে সনদ মাত্র ১৬২টির
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘বিল্ডিং কনস্ট্রাকশন অ্যাক্ট, ১৯৫২’-এর অধীনে বিধিমালা আধুনিকায়নের মাধ্যমে ২০০৮ সালে অগ্নিনিরাপত্তা ও পার্কিংয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয় যুক্ত করা হয়। একই সঙ্গে ভবন ব্যবহারের আগে অকুপেন্সি সার্টিফিকেট নেওয়া বাধ্যতামূলক করা হয়। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এ বিধানের বাস্তবায়ন হয়নি।
রাজউকের তথ্য অনুযায়ী, বিধিমালা কার্যকরের পর সংস্থাটি প্রায় ৪০ হাজার ভবন নির্মাণের অনুমোদন দিয়েছে। এর মধ্যে ব্যবহার সনদ নিয়েছে মাত্র ১৬২টি ভবন। অর্থাৎ বিপুলসংখ্যক ভবন ব্যবহার করা হলেও সেগুলোর নিরাপত্তা ও অনুমোদিত নকশা অনুযায়ী নির্মাণের বিষয়টি যথাযথভাবে যাচাই হয়নি। অথচ একটি ভবন সঠিকভাবে নির্মিত হয়েছে কিনা, সেটি বসবাস বা বাণিজ্যিক ব্যবহারের জন্য নিরাপদ কিনা, তা নিশ্চিত করতেই অকুপেন্সি সার্টিফিকেট দেওয়া হয়। এতে নতুন করে পরিষেবা সংযোগের ক্ষেত্রে এ সনদ বাধ্যতামূলক করার পাশাপাশি বিদ্যমান ভবনগুলোর ক্ষেত্রেও নজরদারি বাড়ানো জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রেডিওটুডে নিউজ/আনাম

