মঙ্গলবার,

১৭ নভেম্বর ২০২৬,

৩ অগ্রাহায়ণ ১৪৩৩

মঙ্গলবার,

১৭ নভেম্বর ২০২৬,

৩ অগ্রাহায়ণ ১৪৩৩

Radio Today News

চীনে আবাসন সংকটের ক্ষোভ, সরকারি ভবনে বুলডোজার দিয়ে হামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:০১, ১৭ নভেম্বর ২০২৬

Google News
চীনে আবাসন সংকটের ক্ষোভ, সরকারি ভবনে বুলডোজার দিয়ে হামলা

চীনের আবাসন খাতের দীর্ঘস্থায়ী মন্দায় ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষোভ এবার প্রকাশ পেল এক ব্যতিক্রমী ঘটনায়। পাওনা টাকা ও ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগে দেশটির এক ব্যক্তি এক্সকাভেটর নিয়ে সরকারি ভবনে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ ঘটনার ভিডিও ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

গত ৯ নভেম্বর চীনের পশ্চিমাঞ্চলীয় শানসি প্রদেশের ফেংডং নিউ সিটিতে এ ঘটনা ঘটে। ৪৭ বছর বয়সী ওই ব্যক্তি হলুদ রঙের একটি খননযন্ত্র (এক্সকাভেটর) নিয়ে সরকারি সেবা কেন্দ্রের সামনে হাজির হন। এরপর যন্ত্রটি দিয়ে ভবনের সামনের অংশে আঘাত করে ভাঙচুর চালান।

পথচারীদের ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি আলোচনায় আসে। চীনের আবাসন খাতের ধস এবং এর কারণে সাধারণ মানুষের মধ্যে জমে থাকা হতাশার প্রতীক হিসেবে অনেকে ঘটনাটিকে দেখছেন।

আধুনিক চীনের ইতিহাসে ১৯৮৯ সালে তিয়েনআনমেন স্কয়ারের কাছে ট্যাংকের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করা অজ্ঞাতপরিচয় ব্যক্তি ‘ট্যাংক ম্যান’ নামে পরিচিত। এবার আলোচনায় এসেছেন ‘এক্সকাভেটর ম্যান’ নামে নতুন এক প্রতিবাদী ব্যক্তি।

ঘটনার চার দিন পর ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের সাংবাদিকেরা ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখানে সরকারি সেবা কেন্দ্রটির সামনে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন দেখা যায়। হামলায় ক্ষতিগ্রস্ত ভবনের দেয়ালও মেরামত করা হচ্ছিল। কর্মকর্তারা ওই ব্যক্তিকে শুধু ‘মি. হু’ নামে শনাক্ত করেছেন।

পাওনা টাকা ও ক্ষতিপূরণ নিয়ে ক্ষোভ

কী কারণে ওই ব্যক্তি সরকারি ভবনে হামলা চালিয়েছেন, তা নিয়ে বিভিন্ন তথ্য সামনে এসেছে। একটি সূত্রের দাবি, নির্মাণকাজের পাওনা টাকা না পেয়ে তিনি ক্ষুব্ধ ছিলেন। অন্য একটি ধারণা হলো, উচ্ছেদ হওয়া কৃষিজমির ক্ষতিপূরণ না পাওয়ায় এমন ঘটনা ঘটিয়েছেন তিনি।

তবে এ বিষয়ে চীনা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি।

আবাসন সংকটে চাপে স্থানীয় সরকার

চীনের আবাসন খাতের দীর্ঘস্থায়ী মন্দা শুধু সাধারণ মানুষ নয়, স্থানীয় সরকারগুলোকেও আর্থিক সংকটে ফেলেছে। দেশটির স্থানীয় সরকারগুলোর রাজস্বের বড় একটি অংশ আগে জমি বিক্রি থেকে আসত। কিন্তু আবাসন খাতে ধস নামার পর জমি বিক্রি কমে যাওয়ায় রাজস্ব আয়ও কমেছে।

এর প্রভাব পড়েছে উন্নয়ন প্রকল্পের অর্থায়ন এবং বিভিন্ন পাওনা পরিশোধে। ফেংডংয়ের একটি রাষ্ট্রায়ত্ত উন্নয়ন প্রতিষ্ঠানের প্রায় ৩৭০ কোটি ইউয়ান ঋণ বকেয়া রয়েছে।

ঋণমান নির্ধারণকারী সংস্থা এসঅ্যান্ডপির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে চীনের দুই-তৃতীয়াংশের বেশি স্থানীয় সরকার-সংশ্লিষ্ট অর্থায়ন প্রতিষ্ঠান ঋণের সুদ পরিশোধের মতো পর্যাপ্ত আয় করতে পারেনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে সহানুভূতি

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মি. হু’র প্রতি ব্যাপক সহানুভূতি প্রকাশ করেছেন অনেকে। তবে তার একক প্রতিবাদ দেশজুড়ে আন্দোলনে রূপ নেওয়ার সম্ভাবনা কম বলে মনে করা হচ্ছে।

কারণ, চীনে এ ধরনের প্রতিবাদে জড়ালে গুরুতর পরিণতির মুখে পড়তে হতে পারে। পাশাপাশি প্রতিবাদের মাধ্যমে দাবি আদায়ের নিশ্চয়তাও নেই। ফলে অনেক স্থানীয় বাসিন্দা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে প্রত্যাশা কমিয়ে জীবনযাপনের চেষ্টা করছেন।

সূত্র: দ্য ইকোনমিস্ট

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের