মঙ্গলবার,

১৭ নভেম্বর ২০২৬,

৩ অগ্রাহায়ণ ১৪৩৩

মঙ্গলবার,

১৭ নভেম্বর ২০২৬,

৩ অগ্রাহায়ণ ১৪৩৩

Radio Today News

জরুরি চিকিৎসার দাবি ইমরান খানের, আশঙ্কা ‘হয়তো জীবিত ফিরবেন না’

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:০৬, ১৭ নভেম্বর ২০২৬

আপডেট: ১১:০৬, ১৭ নভেম্বর ২০২৬

Google News
জরুরি চিকিৎসার দাবি ইমরান খানের, আশঙ্কা ‘হয়তো জীবিত ফিরবেন না’

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির সরকারের কাছে জরুরি চিকিৎসার আবেদন জানিয়েছেন। তিনি বলেছেন, তার এবং তার স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে।

তার আইনজীবী সালমান সফদরের প্রকাশিত এক চিঠিতে ক্রিকেট থেকে রাজনীতিতে আসা ইমরান খান লিখেছেন, "৭৪ বছর বয়সে এ নির্মম পরিস্থিতি আমাকে এমন এক জায়গায় নিয়ে যাচ্ছে, যেখান থেকে হয়তো আর জীবিত ফিরে আসতে পারবো না।"

তবে, দেশটির সরকার বলছে, ইমরান খানকে প্রতি সপ্তাহে চিকিৎসকেরা পর্যবেক্ষণ করেন। এবং তাদের মতে, মি. খানের শারীরিক অবস্থা 'সন্তোষজনক'।

ইমরান খানের বিরুদ্ধে একশোটিরও বেশি মামলা রয়েছে।

২০২৩ সালের অগাস্ট থেকে তিনি কারাগারে আছেন। গত বছর তার স্ত্রী বুশরা বিবিকেও তার সাথে কারাবন্দি করা হয়।

ইমরান খানের দাবি, দুর্নীতি থেকে শুরু করে রাষ্ট্রীয় উপহার বিক্রির মতো অভিযোগে তাদের বিরুদ্ধে যেসব মামলা দেওয়া হয়েছে সেগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

গত এক বছরে ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ আরো বেড়েছে।

তার পরিবারের অভিযোগ, কারা কর্তৃপক্ষ সময়মতো ব্যবস্থা না নেওয়ায় ডান চোখের দৃষ্টিশক্তি অনেকটাই হারিয়েছেন তিনি।

চিঠিতে ইমরান খান আরো লিখেছেন, চিকিৎসকেরা তাকে জানিয়েছেন যে তিনি "মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার উচ্চ ঝুঁকিতে রয়েছেন" এবং তার হৃদপিণ্ড ইতোমধ্যেই "ক্ষতিগ্রস্ত" হয়েছে।

স্ত্রী বুশরা বিবিকে নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

মি. খানের দাবি, গত এপ্রিলে বুশরা বিবির চোখের রেটিনা ছিঁড়ে গিয়েছিল এবং পরে গোপনে তার অস্ত্রোপচার করা হয়।

পাকিস্তানের এ রাজনীতিবিদ আশঙ্কা করছেন, আবার অস্ত্রোপচার করা না হলে বুশরা বিবি হয়তো চিরতরে তার দৃষ্টিশক্তি হারাতে পারেন।

চিঠিতে মি. খান লিখেছেন, "আমি অসংখ্য মামলায় অসম্ভব সব আইনি লড়াই করেছি এবং আমি থেমে যাইনি। কিন্তু রাষ্ট্র আমাকে ন্যায়বিচার দেওয়া বন্ধ করে দিয়েছে।"

ইমরান খান জানিয়েছেন, তাকে দিনে প্রায় ২২ ঘণ্টা নির্জন কারাবাসে রাখা হচ্ছে। সেখানে তাকে পরিবারের সাথে দেখা করার অনুমতি দেওয়া হচ্ছে না। এমনকি বই পড়া বা টেলিভিশন দেখারও কোন সুযোগ দেওয়া হচ্ছে না।

তার দাবি, এটি তার মানসিক স্বাস্থ্যের ওপর "মারাত্মক প্রভাব" ফেলেছে।

গত এক বছরে নিজের আইনজীবীদের সাথে মাত্র চারবার দেখা করার সুযোগ পেয়েছেন বলেও উল্লেখ করেছেন মি. খান।

তিনি লিখেছেন, "আমি বেঁচে থাকলেই শুধুমাত্র নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবো।"

পাকিস্তানের সংসদ বিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী ইমরান খানের এসব অভিযোগ অস্বীকার করেছেন।

তিনি বলেন, "কারাগারে ইমরান খানকে নিজের পছন্দমতো খাবারসহ সব ধরনের সুযোগ-সুবিধাই দেওয়ি হচ্ছে।"

মন্ত্রী মি. চৌধুরী সাংবাদিকদের বলেছেন, "বর্তমানে তিনি পাকিস্তানের সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা পাওয়া কারাবন্দি।"

পাকিস্তানের সরকার আরো জানিয়েছে, এক সপ্তাহ আগে চোখের ইনজেকশন দেওয়ার জন্য ইমরান খানকে একটি সরকারি হাসপাতালে নেওয়া হয়েছিল।

সেখানকার চিকিৎসকরা তার শারীরিক অবস্থা "ক্লিনিক্যালি স্টেবল" বা স্থিতিশীল বলে জানিয়েছেন।

ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস বা পিমস হাসপাতালে চিকিৎসা হয়েছিল দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের।

এর আগে, কর্তৃপক্ষ দাবি করেছিল, ইমরান খানকে ১০ ও ১১ই নভেম্বরের মধ্যবর্তী রাতে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার ফলোআপের জন্য পিমসে নেওয়া হয়েছিল।

পিমস কর্তৃপক্ষের এক বিবৃতিতে সেসময় বলা হয়েছিল, চক্ষু বিশেষজ্ঞের নির্দেশনায় ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা করা হয়, যার মধ্যে চোখের পরীক্ষাও অন্তর্ভুক্ত ছিল।

বিবৃতিতে বলা হয়েছিল, ইমরান খানের অবস্থা স্থিতিশীল ছিল এবং সাধারণ শারীরিক পরীক্ষাও স্বাভাবিক ছিল।

হাসপাতালটির পক্ষ থেকে আরো জানানো হয়েছিল , রোগীর সম্মতিতে সতর্কতামূলক ব্যবস্থা ও যথাযথ চিকিৎসা প্রোটোকল অনুসরণের পর চক্ষু বিশেষজ্ঞদের একটি দল মি. খানের চোখে ইনট্রাভিট্রিয়াল অ্যান্টি-ভিইজিএফ ইনজেকশন প্রয়োগ করে।

পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক ২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী ছিলেন।

২০২৩ সালের মে মাসে মি. খানের গ্রেফতারকে কেন্দ্র করে তার সমর্থকরা দেশজুড়ে ব্যাপক সহিংস বিক্ষোভ চালায়।

সেসময় বিক্ষোভকারীরা লাহোরে একজন কোর কমান্ডার বা সেনা কর্মকর্তার বাসভবনে ব্যাপক ভাঙচুর করে।

তারা সেখানকার ঝাড়বাতি ভেঙে ফেলে, আসবাবপত্র, পেইন্টিংস এমনকি ময়ূরসহ আরো অনেক কিছু লুটপাট করে নিয়ে যায়।

ওই বিক্ষোভে অন্তত আটজন নিহত হন এবং সহিংসতা দমনের জন্য সেনাবাহিনীকে মাঠে নামানো হয়।

কারাগারে থাকলেও পাকিস্তানের রাজনীতিতে এখনও একটি বড় প্রভাব বিস্তার করে আছেন ইমরান খান।

মি. খানের মুক্তির দাবিতে অক্টোবরের শুরুর দিকে তার হাজার হাজার সমর্থক বেশ কয়েকদিন ধরে রাজপথে বিক্ষোভ করেন।

পরে এ বিক্ষোভ দমন করতে দেশটির সরকার কঠোর অভিযান চালানোর নির্দেশ দেয় এবং ইমরান খানের দল পিটিআইয়ের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরুরি অবস্থা জারি করে।

ইমরান খানকে যথায্থ চিকিৎসা সেবা দেওয়ার অনুরোধ জানিয়ে সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের কাছে বেশ কয়েকটি আবেদন করেছেন আন্তর্জাতিক ক্রিকেটের সাবেক অধিনায়করা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের