ইয়েমেনে অবস্থানরত সৌদি সেনাদের লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল হামলার দাবি করেছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। একই দিনে সৌদি আরবের রাজধানী রিয়াদ ও দক্ষিণাঞ্চল অভিমুখে ছোড়া তাদের দুটি ড্রোন ধ্বংসের কথা জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।
শনিবার (১৪ নভেম্বর) হুথিদের সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারে বলেন, ইয়েমেনের লাহিজের খারাজ এলাকায় সৌদি সেনাদের অবস্থান লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে। এতে কয়েক ডজন সেনা হতাহত হয়েছেন বলে দাবি করেন তিনি। এ ছাড়া হামলায় অসংখ্য সামরিক যান ধ্বংস হয়েছে বলেও জানান ইয়াহিয়া সারে।
অন্যদিকে, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, রিয়াদ ও দেশটির দক্ষিণাঞ্চলের দিকে ছোড়া হুথিদের দুটি ড্রোন মাঝ আকাশেই প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। তবে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা জানানো হয়নি।
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিচ্ছে সৌদি নেতৃত্বাধীন জোট। অন্যদিকে দেশটির রাজধানী সানা নিয়ন্ত্রণ করছে হুথিরা। দুই পক্ষের মধ্যে সাম্প্রতিক সময়ে সীমান্ত পেরিয়ে সংঘাত আরও তীব্র হয়েছে।
ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের মধ্যে ইয়েমেনের এই সংঘাত আঞ্চলিক উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে। গত সেপ্টেম্বর থেকে সৌদি আরব ও হুথিদের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়। এর ধারাবাহিকতায় সেপ্টেম্বর ও অক্টোবরে মক্কা ও মদিনা লক্ষ্য করে একাধিকবার ক্ষেপণাস্ত্র ছোড়ে হুথিরা। তবে প্রতিবারই সৌদি জোটের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো প্রতিহত করে।
সূত্র: আলজাজিরা
রেডিওটুডে নিউজ/আনাম

