বৃহস্পতিবার,

১২ নভেম্বর ২০২৬,

২৭ কার্তিক ১৪৩৩

বৃহস্পতিবার,

১২ নভেম্বর ২০২৬,

২৭ কার্তিক ১৪৩৩

Radio Today News

৪ গোলের জয়ে শ্রীলঙ্কার বিদায় ঘণ্টা বাজাল বাংলাদেশ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০০:২৫, ১২ নভেম্বর ২০২৬

Google News
৪ গোলের জয়ে শ্রীলঙ্কার বিদায় ঘণ্টা বাজাল বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ ‘এ’-তে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে গোল উৎসব করেছে বাংলাদেশ। সামিত সোম ও অধিনায়ক হামজা চৌধুরীর পর দৃষ্টিনন্দন গোল করেছেন ফারহান আলী ওয়াহিদ। পরে রাকিব হোসেনের গোলে ব্যবধান আরও বাড়ে। চার গোলের ব্যবধানে ম্যাচে আধিপত্য ধরে রেখে জয় পেল লাল-সবুজের প্রতিনিধিরা।

বুধবার (১১ নভেম্বর) রাত ৮টায় জাতীয় স্টেডিয়ামে হামজা চৌধুরীর নেতৃত্বে মাঠে নামে বাংলাদেশ। শুরু থেকেই আক্রমণাত্মক ও নিয়ন্ত্রিত ফুটবল খেলতে থাকে স্বাগতিকরা।

ম্যাচের অষ্টম মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। ডান প্রান্ত থেকে হামজা চৌধুরীর বাড়ানো ক্রস শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা ঠিকমতো নিয়ন্ত্রণে নিতে পারেননি। বক্সে থাকা সামিত সোমের প্রথম শট এক ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে আসে। ফিরতি বলে দ্বিতীয় প্রচেষ্টায় জালে বল পাঠান সামিত।

এরপর প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক হামজা। ৪৪তম মিনিটে বাঁ দিক দিয়ে একক প্রচেষ্টায় শ্রীলঙ্কার রক্ষণভাগে ঢুকে পড়েন তিনি। দারুণ ড্রিবলিংয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে জোরালো শট নেন। বল শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরার হাঁটুতে লেগে জালে প্রবেশ করে। তাতে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে ফিরে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশ। ৫৫ মিনিটে আসে ম্যাচের অন্যতম দৃষ্টিনন্দন গোলটি। বাঁ প্রান্ত থেকে বল নিয়ে শ্রীলঙ্কার বক্সে প্রবেশ করেন ফারহান আলী ওয়াহিদ। একের পর এক ডিফেন্ডারকে কাটিয়ে কোনাকুনি শটে বল জালে জড়ান তিনি। তার অসাধারণ ব্যক্তিগত নৈপুণ্যের গোলে উচ্ছ্বাসে ফেটে পড়ে জাতীয় স্টেডিয়ামের গ্যালারি।

এরপরও আক্রমণ অব্যাহত রাখে বাংলাদেশ। একের পর এক পাল্টা আক্রমণে শ্রীলঙ্কার রক্ষণভাগকে চাপে রাখে স্বাগতিকরা। গোলরক্ষকের সঙ্গে একের পর এক অবস্থানে সুযোগ কাজে লাগিয়ে চতুর্থ গোলটি করেন রাকিব হোসেন। গোলরক্ষক সুজন পেরেরার মাথার ওপর দিয়ে বল জালে পাঠান তিনি। চার গোলের ব্যবধানে জয় নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের শক্তিমত্তার জানান দেয় বাংলাদেশ।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের