সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে শুরুতেই এগিয়ে গেছে বাংলাদেশ। ম্যাচের অষ্টম মিনিটে গোল করে দলকে লিড এনে দেন সামিত সোম।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ও নিয়ন্ত্রিত ফুটবল খেলছে বাংলাদেশ। পঞ্চম মিনিটে বক্সের সামনে ফ্রি কিক পায় দল। হামজা চৌধুরীর নেওয়া শট অল্পের জন্য পোস্টের ওপর দিয়ে চলে যায়।
এরপর অবশ্য গোল পেতে বেশি সময় অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। হামজা চৌধুরীর ডান প্রান্ত থেকে বাড়ানো ক্রস শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা ঠিকমতো নিয়ন্ত্রণে নিতে পারেননি। বক্সে থাকা সামিত সোমের প্রথম শট শ্রীলঙ্কার এক ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে আসে। ফিরতি বল পেয়ে দ্বিতীয় প্রচেষ্টায় জালে পাঠান সামিত। তাতেই উল্লাসে মেতে ওঠে বাংলাদেশের সমর্থকেরা।
এ ম্যাচে বাংলাদেশের অধিনায়কের আর্মব্যান্ড পরেছেন হামজা চৌধুরী। সাধারণত ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেললেও এদিন শুরু থেকেই অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকায় দেখা যাচ্ছে তাকে। বাংলাদেশের আক্রমণ গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তিনি।
ভুটানের বিপক্ষে আগের ম্যাচে গোল করা ইব্রাহিম এদিন খেলছেন স্ট্রাইকার পজিশনে।
রেডিওটুডে নিউজ/আনাম

