সোমবার,

০৯ নভেম্বর ২০২৬,

২৫ কার্তিক ১৪৩৩

সোমবার,

০৯ নভেম্বর ২০২৬,

২৫ কার্তিক ১৪৩৩

Radio Today News

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত, নতুন তারিখ ঘোষণা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:২৪, ৯ নভেম্বর ২০২৬

আপডেট: ১৬:২৪, ৯ নভেম্বর ২০২৬

Google News
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত, নতুন তারিখ ঘোষণা

চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পিছিয়ে নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও উপাচার্য পরিষদ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের জানুয়ারি থেকে শুরু হবে ভর্তির আবেদন প্রক্রিয়া এবং ফেব্রুয়ারি মাস থেকে অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা।

সোমবার (৯ নভেম্বর) ইউজিসি কার্যালয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় এই সমন্বিত সিদ্ধান্ত গৃহীত হয়। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ সভায় সভাপতিত্ব করেন।

সভা শেষে ইউজিসি চেয়ারম্যান জানান, উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার পুনর্নিরীক্ষণ ও সম্পূরক পরীক্ষার চূড়ান্ত ফলাফল আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ চলছে। মূল ফল ও পুনর্নিরীক্ষণের ফল যেন কোনো শিক্ষার্থীর ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগে বাধা হয়ে না দাঁড়ায়, সে বিষয়টি মাথায় রেখেই এইচএসসির সব ফল প্রকাশের পর ভর্তি কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে যেসব বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছিল, তাদের তারিখ পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছে কমিশন।

সভায় আরও জানানো হয়, আসন্ন পবিত্র রমজান মাসের পবিত্রতা ও সময়সূচি বিবেচনায় রেখে ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ নির্ধারণ করতে উপাচার্যদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। একই দিনে যাতে একাধিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা না পড়ে—সেই সাংঘর্ষিক পরিস্থিতি এড়াতে একটি সমন্বিত ক্যালেন্ডার তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়, যেন শিক্ষার্থীরা তাদের পছন্দ অনুযায়ী প্রতিটি পরীক্ষায় অংশ নেওয়ার পর্যাপ্ত সুযোগ পান। ভর্তি পরীক্ষা কিছুটা পিছালেও বিশ্ববিদ্যালয়গুলোর নিয়মিত শ্রেণি কার্যক্রম বা একাডেমিক ক্যালেন্ডার যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়েও উপাচার্যদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

ভর্তি পরীক্ষার প্রশ্নপদ্ধতি সম্পর্কে ইউজিসি সূত্রে জানা গেছে, চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিগত বছরের ধারাবাহিকতায় বহুনির্বাচনী (এমসিকিউ) পদ্ধতিতেই পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে আগামী শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়নের স্বার্থে এমসিকিউ-এর পাশাপাশি বিষয়ভিত্তিক ও বিশ্লেষণধর্মী প্রশ্ন যুক্ত করা যায় কি না, তা নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর মতামত ও সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করে পরবর্তীতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, বর্তমানে দেশে পাবলিক ও বেসরকারি মিলে প্রায় ১৮০টি বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে প্রথম বর্ষে ভর্তির জন্য আসন রয়েছে প্রায় ৬৩ হাজার। এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন অধিভুক্ত কলেজে ১০ লক্ষাধিক এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে আরও প্রায় চার লাখ আসন রয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের