বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনা পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে দিল্লি হাইকমিশনে আবেদন করেছেন বলে খবরের সত্যতা এখন পর্যন্ত যাচাই করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
আজ সোমবার (০৯ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমিও শুনেছি, স্ক্রল নিউজে দেখেছি, পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনা তার পাসপোর্টের জন্য এবং এনআইডির জন্য আবেদন করেছেন। কিন্তু এই সত্যতা আমি এখনো যাচাই করতে পারিনি।’
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আবেদনটির আইনগত ভিত্তি আছে কি না, যথাযথভাবে করা হয়েছে কি-না এবং আবেদন করার অধিকার আছে কি-না, তা পর্যালোচনা করা হবে। এ ক্ষেত্রে পাসপোর্ট আইন, নাগরিকত্ব আইন ও এনআইডি আইন বিবেচনায় নেওয়া হবে।’
এদিকে পলাতক অপরাধীদের ক্ষেত্রে কোনো সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আজ সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় বন্দিবিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না। বরং প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করতে চায়।’
স্বৈরশাসক শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন এবং ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে তিনি সোমবার এ আবেদন করেন বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম

