বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালীতে ট্যাঙ্কারে মাইন বিস্ফোরণের ঘটনার পর উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে ইরানের নৌবাহিনী। সতর্কবার্তা উপেক্ষা করে নিষিদ্ধ এলাকায় প্রবেশকারী জাহাজগুলোর পরিণতি একই হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এ ঘটনায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
ইরানের আধা-সরকারি সম্প্রচারমাধ্যম আইআরআইবি এর প্রতিবেদনে বলা হয়েছে, ওই ট্যাঙ্কারের ঘটনার প্রসঙ্গ টেনে ইরানের নৌবাহিনীর জনসংযোগ বিভাগ সতর্ক করে জানিয়েছে, যারা সতর্কতা অমান্য করে নিষিদ্ধ এলাকায় চলাচল করবে, তাদেরও একই পরিণতি ভোগ করতে হবে। নৌবাহিনীর জনসংযোগ বিভাগের ভাষ্য, যেসব জাহাজ বা নৌযান সতর্কতাকে উপেক্ষা করে নিষিদ্ধ এলাকায় চলাচল করবে, তাদের সবারই এমন পরিণতি হবে।
ইরানের এই বক্তব্য থেকে স্পষ্ট, হরমুজ প্রণালীতে নির্ধারিত নিষেধাজ্ঞা ও সতর্কতা অমান্য করে চলাচলকারী জাহাজগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে দেশটির নৌবাহিনী।
বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালী দিয়ে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও জ্বালানি পরিবহন করা হয়। ফলে এ অঞ্চলে সামরিক উত্তেজনা কিংবা জাহাজ চলাচলে বিঘ্ন ঘটলে আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক বাণিজ্যে তার প্রভাব পড়তে পারে।
ট্যাঙ্কারে মাইন বিস্ফোরণ এবং ইরানের সর্বশেষ হুঁশিয়ারির পর হরমুজ প্রণালীতে সামুদ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। আল জাজিরা
রেডিওটুডে নিউজ/আনাম

