তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে একটি প্রতারক চক্র। এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
সতর্কবার্তায় বলা হয়, সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের নজরে এসেছে, কিছু অসাধু ব্যক্তি ও গোষ্ঠী ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় সহজে ঋণ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছে। এ জন্য তারা বিকাশসহ বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং অন্যান্য মাধ্যমে টাকা নিচ্ছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ‘উদ্যোগ’ কর্মসূচির সব কার্যক্রম স্বচ্ছতা, নিরপেক্ষতা ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পরিচালিত হয়। তাই এ কর্মসূচির আওতায় ঋণ পাওয়ার নিশ্চয়তা দেওয়ার কথা বলে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, ‘উদ্যোগ’ নামে বাংলাদেশ ব্যাংকের কোনো আনুষ্ঠানিক ফেসবুক পেজ কিংবা অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে অফিসিয়াল অ্যাকাউন্ট নেই।
কেউ এ নামে ভুয়া ফেসবুক পেজ বা সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তিকর তথ্য প্রচার কিংবা প্রতারণামূলক কর্মকাণ্ড চালালে তার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-সংক্রান্ত আইনসহ প্রচলিত অন্যান্য আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
প্রতারক চক্রের ফাঁদে না পড়তে এবং এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণায় প্রভাবিত না হতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি সন্দেহজনক বা প্রতারণামূলক কার্যক্রম সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
রেডিওটুডে নিউজ/আনাম

