পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলগুলোর সার্বিক নিরাপত্তা বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা ও এর আশপাশের এলাকাগুলোতে ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শ্রমিক অসন্তোষের জের ধরে জননিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ।
মোতায়েনকৃত বিজিবি সদস্যদের মধ্যে মিরপুরে ৩ প্লাটুন, সাভার ও আশুলিয়ায় ১১, গাজীপুরে ১২ এবং নারায়ণগঞ্জে ৭ প্লাটুন দায়িত্ব পালন করছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নিরাপত্তা কার্যক্রম জোরদার ও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সাঁজোয়া কর্মী বহনকারী যান এবং দাঙ্গা নিয়ন্ত্রণ যানও মোতায়েন রয়েছে।
নজরদারির অংশ হিসেবে ড্রোনের মাধ্যমে সরাসরি পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। দায়িত্ব পালনের সময় বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করছেন বিজিবি সদস্যরা।
এসব কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও সমন্বয় করা হচ্ছে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ।
শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা ও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। সংস্থাটি জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি কারখানায় স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখতে তাদের এই নিবিড় পর্যবেক্ষণ ও নিরাপত্তামূলক তৎপরতা অব্যাহত থাকবে।
রেডিওটুডে নিউজ/আনাম

