উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এবার অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৬ টাকা ৩২ পয়সা বাড়ানো হয়েছে।
এতে প্রতি লিটারের দাম ১৮২ টাকা ৭১ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৮৯ টাকা ৩ পয়সা। গত চার মাসে চার দফায় এই জ্বালানির দাম বাড়ানো হলো।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করেছে বিইআরসি। নতুন দাম আজ রাত ১২টা থেকে কার্যকর হবে।
নতুন দর অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম পড়বে ১৮৯ টাকা ৩ পয়সা। অন্যদিকে, দেশি ও বিদেশি এয়ারলাইনসের আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ১ দশমিক ১৬৩৭ মার্কিন ডলার।
গত চার মাসে ধারাবাহিকভাবে বেড়েছে অভ্যন্তরীণ ফ্লাইটের জেট ফুয়েলের দাম। গত আগস্টে প্রতি লিটারের দাম ছিল ১৫৯ টাকা ৫২ পয়সা।
সেপ্টেম্বরে তা বেড়ে হয় ১৬৫ টাকা ৬৫ পয়সা। অক্টোবরে আরো বেড়ে দাঁড়ায় ১৮২ টাকা ৭১ পয়সা। সর্বশেষ নভেম্বরে তা নির্ধারণ করা হয়েছে ১৮৯ টাকা ৩ পয়সা।
বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে জেট এ-১-এর প্ল্যাটস রেটের গড় এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি সেটেলমেন্টে মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ৩৪(৪) ও ৩৪(৬) ধারা অনুযায়ী বিপিসি এবং পদ্মা অয়েল কম্পানি লিমিটেডের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে গণশুনানি ও বিস্তারিত পর্যালোচনা শেষে ১৩ মে ২০২৫ তারিখে জেট এ-১-এর মূল্য পুনর্নির্ধারণ করা হয়।
পরে কমিশন মাসভিত্তিতে প্ল্যাটস রেটের ভিত্তিতে এই মূল্য সমন্বয়ের ব্যবস্থা করে।
রেডিওটুডে নিউজ/আনাম

