সোমবার,

০৯ নভেম্বর ২০২৬,

২৫ কার্তিক ১৪৩৩

সোমবার,

০৯ নভেম্বর ২০২৬,

২৫ কার্তিক ১৪৩৩

Radio Today News

বাড়ির গেটে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, গ্রেপ্তারে পুলিশের অভিযান

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:১৯, ৯ নভেম্বর ২০২৬

Google News
বাড়ির গেটে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, গ্রেপ্তারে পুলিশের অভিযান

উত্ত্যক্তের প্রতিবাদ করায় কুষ্টিয়া শহরের থানা পাড়ায় বাড়ির গেটের সামনে জাকিয়া সুলতানা (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত করেছে ইমন নামের দশম শ্রেণির স্কুলছাত্র বখাটে এক কিশোর। সোমবার দুপুর ১টা ১০ মিনিটের দিকে থানা পাড়া ক্রিসেন্ট ক্লাবের কাছে ওই শিক্ষার্থীর ভাড়া বাসার সামনে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দুপুর ১টা ৪০ মিনিটে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহত জাকিয়া সুলতানা ফরিদপুরের ভাঙ্গা উপজেলার জাকারিয়ার মেয়ে। সে কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা একটি বেসরকারি ওষুধ কোম্পানিতে চাকরি করার সুবাদে পরিবারটি কুষ্টিয়া শহরের থানা পাড়ায় ভাড়া বাসায় বসবাস করে।

পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে স্কুল ছুটির পর বাড়ির সামনে দাঁড়িয়ে কলবেল চেপে গেট খোলার অপেক্ষা করছিল সে। হঠাৎ কালো শার্ট পরিহিত ইমন নামের ওই কিশোর একটি ছুরি হাতে প্রথমে পেছন দিক থেকে জাকিয়াকে আঘাত করে। শরীরের বিভিন্ন স্থানে একাধিকবার ছুরিকাঘাত করা হয়। এ সময় তার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে গেলে ছুরি ফেলে পালিয়ে যায় অভিযুক্ত ইমন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

জানা যায়, ইমন শহরের মজমপুর ১৪১ মফিজ উদ্দিন বিশ্বাস সড়কের বাসিন্দা আব্বাস উদ্দিনের ছেলে।

জাকিয়ার মা সুমি আক্তার জানান, ইমন দীর্ঘদিন ধরে আমার মেয়েকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করত। কোচিংয়ে পড়ার সময় থেকেই জাকিয়াকে উত্ত্যক্ত করত সে। বিষয়টি তার অভিভাবকদের জানানোর পর কিছুদিন সে আর বিরক্ত করেনি। আমার মেয়ে স্কুল ছুটির পর বাড়ির সামনে গেট খোলার অপেক্ষায় ছিল। এসময় ইমন হত্যার উদ্দেশ্যে ছুরি দিয়ে আঘাত করে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, আহত ওই শিক্ষার্থী এবং ঘটনাস্থলের সিসি টিভি ফুটেজ দেখে হামলাকারীকে শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হাসান বলেন, মেয়েটিকে দুপুর ১টা ৪০ মিনিটের দিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাম হাত ও শরীরের বিভিন্ন স্থানে বিশেষ করে পিঠের দিকে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। কয়েকটি স্থানে সেলাই দিতে হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। তবে বর্তমানে সে আশঙ্কামুক্ত রয়েছে।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ বলেন, বিষয়টি পুলিশের নজরে এসেছে। মেয়েটিকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীকে গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের