সোমবার,

০৯ নভেম্বর ২০২৬,

২৫ কার্তিক ১৪৩৩

সোমবার,

০৯ নভেম্বর ২০২৬,

২৫ কার্তিক ১৪৩৩

Radio Today News

শিক্ষা ক্যাডারের প্রভাষকদের

অষ্টম গ্রেড পেতে হলে মানতে হবে যে শর্ত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৩৪, ৯ নভেম্বর ২০২৬

Google News
অষ্টম গ্রেড পেতে হলে মানতে হবে যে শর্ত

চাকরিতে আট বছর পূর্ণ হলেই স্বয়ংক্রিয়ভাবে অষ্টম গ্রেডে বেতন পাওয়ার সুযোগ পাচ্ছেন বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের নবম গ্রেডভুক্ত প্রভাষকরা। এ জন্য যোগ্য কর্মকর্তাদের কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

আগামী ১২ নভেম্বরের মধ্যে দুই সেট আবেদন জমা দিতে হবে। মাউশির পত্র গ্রহণ শাখার ১৩০ নম্বর কক্ষে এসব আবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (৮ নভেম্বর) মাউশির সহকারী পরিচালক (ক-৪) মো. রফিক আহমেদের সই করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

যারা পাবেন অষ্টম গ্রেড

চিঠিতে বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের জারি করা ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’-এর অনুচ্ছেদ ৬-এর উপঅনুচ্ছেদ ১ অনুযায়ী, কোনো স্থায়ী কর্মচারী পদোন্নতি ছাড়াই একই পদে আট বছর চাকরি পূর্ণ করলে এবং তাঁর চাকরিকাল সন্তোষজনক হলে নবম বছরে স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী উচ্চতর গ্রেডে বেতন পাওয়ার যোগ্য হবেন।

সরকারি চাকরি আইন, ২০১৮-এর ১৫ ধারায় দেওয়া ক্ষমতাবলে এ আদেশ জারি করা হয়েছে।

এই বিধান অনুযায়ী, নবম গ্রেডে প্রভাষক পদে আট বছর চাকরি পূর্ণ করে অষ্টম গ্রেড পাওয়ার যোগ্য হয়েছেন—এমন কর্মকর্তাদের কাছ থেকে নির্ধারিত ছকে তথ্য চেয়েছে মাউশি।

আবেদনে যেসব তথ্য দিতে হবে

নির্ধারিত ছকে সংশ্লিষ্ট কর্মকর্তার নাম, পরিচিতি নম্বর, পদবি, বিষয় ও কর্মস্থলের তথ্য উল্লেখ করতে হবে। পাশাপাশি প্রভাষক পদে প্রথম যোগদানের তারিখ, আট বছর চাকরি পূর্তির তারিখ এবং উচ্চতর গ্রেড পাওয়ার প্রাপ্যতার তারিখ জানাতে হবে।

আবেদনের সঙ্গে যেসব কাগজপত্র লাগবে

যোগ্য প্রভাষকদের আবেদনের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্রের দুই সেট জমা দিতে হবে। এগুলো হলো—

১. সংশ্লিষ্ট কর্মকর্তার নিজস্ব আবেদন।

২. অধ্যক্ষ বা প্রতিষ্ঠানপ্রধানের অগ্রায়ণপত্র।

৩. ক্যাডারে প্রথম যোগদানের আদেশের কপি।

৪. চাকরি স্থায়ীকরণের প্রজ্ঞাপনের কপি।


৫. নিয়োগ ও পদায়নের আদেশের কপি।

৬. নিয়মিতকরণের আদেশের কপি।

৭. সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে কোনো বিভাগীয় মামলা চলমান নেই—এ মর্মে প্রতিষ্ঠানপ্রধানের প্রত্যয়নপত্র।

মাউশির নির্দেশনা অনুযায়ী, প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র সংযুক্ত করে আগামী ১২ নভেম্বরের মধ্যে দুই সেট আবেদন অধিদপ্তরের পত্র গ্রহণ শাখার ১৩০ নম্বর কক্ষে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা দিতে যোগ্য প্রভাষকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের