কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছাত্রী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিনা বেগমকে ধর্ষণ ও হত্যার দায়ে মামলার একমাত্র আসামি মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুরে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. ইয়াছিন আরাফাত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মোবারক আদালতের এজলাসে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মোতালেব জানান, ধর্ষণের পর শ্বাসরোধ করে সুমাইয়া ও তার মাকে হত্যা করেন মোবারক। মামলাটির বিচারকাজ মাত্র ২ মাস ১৫ দিনের মধ্যে সম্পন্ন হয়েছে। ১৩ জন সাক্ষীর সাক্ষ্য ও প্রমাণ পর্যালোচনা শেষে আদালত একমাত্র আসামি মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাকে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর কুমিল্লা নগরীর কালিয়াজুরি এলাকার নেলী কটেজ ভবনের দ্বিতীয় তলার ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আফরিন (২৪) ও তার মা তাহমিনা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ।
ঘটনার দিন বিকেলে তৎকালীন র্যাব-১১-এর একটি দল মোবারককে আটক করে। গ্রেপ্তারের পর মোবারক হোসেন কুমিল্লার আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
স্বীকারোক্তি অনুযায়ী, সুমাইয়াকে ধর্ষণের সময় তার মা দেখে ফেলায় প্রথমে তাকে বালিশ চাপা দিয়ে এবং পরে সুমাইয়াকে শ্বাসরোধ করে হত্যা করেন মোবারক।
সুমাইয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার মা তাহমিনা বেগম (৪৫) কুমিল্লা নগরীর সুজানগর এলাকার মৃত নুরুল ইসলামের স্ত্রী।
রেডিওটুডে নিউজ/আনাম

