সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট চলাচল স্থগিতের মেয়াদ আরও বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এ রুটে বিমানের ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।
বুধবার (১১ নভেম্বর) ঢাকায় প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় পতাকাবাহী সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সৌদি আরবের গন্তব্যগুলোতে ফ্লাইট পরিচালনা নিয়ে পূর্বঘোষিত সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। নিরাপত্তা উদ্বেগের কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ২০২৬ সালের ৩০ নভেম্বর পর্যন্ত নিয়মিত ফ্লাইট স্থগিত থাকবে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ থাকবে বলে জানিয়েছে বিমান।
তবে ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা এবং ঢাকা-মদিনা-ঢাকা রুটে ফ্লাইট চলাচল স্বাভাবিক থাকবে। এসব রুটে পূর্বঘোষিত সময়সূচি ও পরিচালনাগত ব্যবস্থা অনুযায়ী ফ্লাইট পরিচালনা করা হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, সৌদি আরবের বিদ্যমান নিরাপত্তা পরিস্থিতি এবং এর ফলে যাত্রীদের নিরাপত্তার ওপর সম্ভাব্য প্রভাব বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে সৌদি আরবগামী যাত্রীদের ফ্লাইটের সময়সূচি, টিকিট ও ভ্রমণসংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে বিমানের নিকটস্থ বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
৩০ নভেম্বরের পর রিয়াদ রুটে নিয়মিত ফ্লাইট পুনরায় চালুর বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
রেডিওটুডে নিউজ/আনাম

