মঙ্গলবার,

১৭ নভেম্বর ২০২৬,

২ অগ্রাহায়ণ ১৪৩৩

মঙ্গলবার,

১৭ নভেম্বর ২০২৬,

২ অগ্রাহায়ণ ১৪৩৩

Radio Today News

চীনের কুয়াংচৌয়ে প্রথম বিদেশি প্রতিনিধি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৩৫, ১৬ নভেম্বর ২০২৬

আপডেট: ২৩:৩৫, ১৬ নভেম্বর ২০২৬

Google News
চীনের কুয়াংচৌয়ে প্রথম বিদেশি প্রতিনিধি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

চীনের কুয়াংচৌ শহরে আনুষ্ঠানিকভাবে প্রথম বিদেশি প্রতিনিধি কার্যালয় চালু করেছে বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ‘ইনভেস্ট বাংলাদেশ’। এর মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী চীনা প্রতিষ্ঠানগুলোকে বিনিয়োগ পরিকল্পনার প্রাথমিক পর্যায় থেকেই প্রয়োজনীয় তথ্য, পরামর্শ ও সহায়তা দেওয়া সহজ হবে। রোববার ইনভেস্ট বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন এই কার্যালয় থেকে চীনা বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা ও সুযোগ সম্পর্কে তথ্য, প্রয়োজনীয় আইন ও বিধিবিধান বিষয়ে পরামর্শ এবং সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সহযোগিতা পাবেন।

ইনভেস্ট বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন বিভাগের প্রধান নাহিয়ান রহমান রচি বলেন, 'সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং বিনিয়োগ পরিকল্পনার শুরু থেকেই তাদের সহায়তা করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। কুয়াংচৌর শক্তিশালী শিল্পভিত্তি ও বিস্তৃত উৎপাদন খাত বিবেচনায় শহরটিকে প্রথম বিদেশি প্রতিনিধি কার্যালয়ের জন্য বেছে নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, চীন ও বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশ সম্পর্কে অভিজ্ঞ চীনা পেশাজীবীদের এই কার্যালয়ে যুক্ত করা হয়েছে। তারা সম্ভাব্য বিনিয়োগকারীদের প্রাথমিক আগ্রহ থেকে শুরু করে বাস্তব বিনিয়োগ প্রকল্প গড়ে তোলা পর্যন্ত বিভিন্ন পর্যায়ে সহায়তা করবেন।

উল্লেখ্য, ২০২৫ সালে বাংলাদেশে নিট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের (এফডিআই) দ্বিতীয় বৃহত্তম উৎস ছিল চীন। চলতি বছরের মার্চে ঘোষিত ইনভেস্ট বাংলাদেশের ১৮০ দিনের বিনিয়োগ কর্মপরিকল্পনাতেও চীনে প্রতিনিধি কার্যালয় স্থাপনের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল।

কুয়াংচৌ কার্যালয়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে বিদেশি বিনিয়োগের জন্য গুরুত্বপূর্ণ অন্যান্য বাজারেও নিজেদের কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে সংস্থাটির।

চীনের কুয়াংচৌর থিয়ানহ্য জেলার চিয়ানহ্য সেন্টারে নতুন এই প্রতিনিধি কার্যালয় স্থাপন করা হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের