বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে করণীয় নির্ধারণ এবং জাতীয়করণ প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে উচ্চপর্যায়ের সভা ডেকেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
আগামী রোববার (১৫ নভেম্বর) দুপুর দেড়টায় সচিবালয়ের ৬ নম্বর ভবনের ৬১০-৬১২ নম্বর কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা, বিশেষ সহকারীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেবেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সভায় সভাপতিত্ব করবেন মন্ত্রণালয়ের সচিব মো. দাউদ মিয়া। সভার আলোচ্যসূচিতে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের আওতায় অন্তর্ভুক্তির বিষয়টি রাখা হয়েছে।
সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সিদ্দিক জুবায়ের উপস্থিত থাকার কথা রয়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট মন্ত্রী ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেবেন। সভায় উপস্থিতির জন্য সংশ্লিষ্ট ১৬ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে।
মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র বলছে, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে কী প্রক্রিয়ায় জাতীয়করণের আওতায় আনা যায়, সভায় তা নিয়ে আলোচনা হবে। পাশাপাশি কোন ধরনের প্রতিষ্ঠান জাতীয়করণের জন্য বিবেচিত হবে, কী কী শর্ত পূরণ করতে হবে এবং কোন প্রতিষ্ঠানগুলো অগ্রাধিকার পাবে, সেসব বিষয়েও আলোচনা হতে পারে।
তবে ঠিক কতটি বিদ্যালয় জাতীয়করণের আওতায় আসতে পারে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানা যায়নি। একইভাবে জাতীয়করণের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও শর্তও চূড়ান্ত হয়নি।
রোববারের সভায় জাতীয়করণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে, নাকি পরবর্তী সময়ে আরও যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে, সেটিও এখনো নিশ্চিত নয়। ফলে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর জাতীয়করণ নিয়ে সরকারের এ উদ্যোগের দিকে তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্টরা।
রেডিওটুডে নিউজ/আনাম

