জুনের ১৫ দিনেই এলো ১৬২ কোটি ডলারের রেমিট্যান্স

মঙ্গলবার,

১৬ জুন ২০২৬,

২ আষাঢ় ১৪৩৩

মঙ্গলবার,

১৬ জুন ২০২৬,

২ আষাঢ় ১৪৩৩

Radio Today News

জুনের ১৫ দিনেই এলো ১৬২ কোটি ডলারের রেমিট্যান্স

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৪৩, ১৬ জুন ২০২৬

Google News
জুনের ১৫ দিনেই এলো ১৬২ কোটি ডলারের রেমিট্যান্স

দেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের জোরালো প্রবাহ অব্যাহত রয়েছে। চলতি জুন মাসের প্রথম ১৫ দিনেই প্রবাসীরা বৈধ পথে ১৬২ কোটি ৩৯ লাখ (১৬২ দশমিক ৩৯ মিলিয়ন) মার্কিন ডলারের রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। এই হিসাবে চলতি মাসে প্রতিদিন গড়ে প্রায় ১০ কোটি ৮৩ লাখ ডলার করে প্রবাসী আয় আসছে।

আজ মঙ্গলবার (১৬ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

মুখপাত্র জানান, চলতি মাসের প্রথমার্ধে যে রেমিট্যান্স এসেছে, তা গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে বেশি। গত বছরের জুনের প্রথম ১৫ দিনে দেশে এসেছিল ১৪৭ কোটি ৯৮ লাখ ৬০ হাজার ডলার। অর্থাৎ, বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহে বড় প্রবৃদ্ধি দেখা যাচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু (১ জুলাই, ২০২৫) থেকে গত ১৫ জুন পর্যন্ত দেশে মোট ৩ হাজার ৪৩৮ কোটি ৬ লাখ ৬০ হাজার মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এই সংগ্রহ ১৮ দশমিক ৬১ শতাংশ বেশি।

খাত সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংকিং চ্যানেলে ডলারের আকর্ষণীয় রেট এবং সরকারের নানা উদ্যোগের কারণে প্রবাসীরা এখন বৈধ পথে টাকা পাঠাতে বেশি উৎসাহিত হচ্ছেন।

এর আগে সদ্য সমাপ্ত মে মাসে দেশে মোট ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছিল, যা দেশের ইতিহাসের কোনো একক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। আর তারও আগে গত মার্চ মাসে এসেছিল ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার, যা এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে এক মাসে আসা সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, গত এপ্রিল মাসে ৩১২ কোটি ৭৩ লাখ, ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ৭ লাখ এবং জানুয়ারিতে ৩১৭ কোটি ৯ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। এ ছাড়া গত বছরের শেষ দিকে অর্থাৎ ডিসেম্বরে ৩২২ কোটি ৬৭ লাখ এবং নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার রেমিট্যান্স দেশে আসে।

উল্লেখ্য, সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে প্রবাসীরা সব মিলিয়ে ৩০ দশমিক ৩২ বিলিয়ন (৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ) মার্কিন ডলার পাঠিয়েছেন, যা দেশের ইতিহাসে কোনো একটি নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের নতুন রেকর্ড। চলতি অর্থবছরের ধারাবাহিকতা বজায় থাকলে সেই রেকর্ডও ছাড়িয়ে যাবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের