নতুন পে স্কেল বাস্তবায়নে হবে ৭ পৃথক ৭ এসআরও

শনিবার,

১২ সেপ্টেম্বর ২০২৬,

২৮ ভাদ্র ১৪৩৩

শনিবার,

১২ সেপ্টেম্বর ২০২৬,

২৮ ভাদ্র ১৪৩৩

Radio Today News

নতুন পে স্কেল বাস্তবায়নে হবে ৭ পৃথক ৭ এসআরও

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:০০, ১২ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১০:০০, ১২ সেপ্টেম্বর ২০২৬

Google News
নতুন পে স্কেল বাস্তবায়নে হবে ৭ পৃথক  ৭ এসআরও

সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল ২০২৬ এখন গেজেট প্রকাশের চূড়ান্ত পর্যায়ে। প্রজ্ঞাপন জারির পরই সাতটি পৃথক এসআরও (স্ট্যাটিউটরি রেগুলেটরি অর্ডার) জারি করে বিভিন্ন শ্রেণির কর্মকর্তা-কর্মচারীর বেতন কাঠামো কার্যকর করা হবে। একই সঙ্গে আইবাস প্লাস হালনাগাদের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে নতুন বেতন নির্ধারণের প্রস্তুতি নিচ্ছে সরকার।

অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপনের খসড়া ইতোমধ্যে আইন মন্ত্রণালয়ে আইনগত ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে। ভেটিং শেষ হলে আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশ করা হবে।

যাদের জন্য আলাদা ৭ এসআরও

প্রজ্ঞাপনের মাধ্যমে মূল বেতন কাঠামো কার্যকর হলেও বাস্তবায়নের বিস্তারিত বিধান সাতটি পৃথক এসআরওতে থাকবে। এগুলো হলো—

বেসামরিক প্রশাসন, পুলিশ বিভাগ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, সশস্ত্র বাহিনী, বিচার বিভাগ

প্রতিটি এসআরওতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বেতন, ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধার প্রয়োগবিধি আলাদাভাবে নির্ধারণ করা হবে।

আইবাসে স্বয়ংক্রিয়ভাবে নির্ধারণ হবে বেতন

নবম পে-স্কেল বাস্তবায়নে সবচেয়ে বড় পরিবর্তন আনা হচ্ছে ডিজিটাল বেতন ব্যবস্থাপনায়। সরকারের আর্থিক ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম আইবাস প্লাস প্লাস -এ প্রত্যেক সরকারি কর্মকর্তা-কর্মচারীকে নিজের চাকরিসংক্রান্ত তথ্য হালনাগাদ করতে হবে।

এতে পদ, গ্রেড, যোগদানের তারিখ, বার্ষিক ইনক্রিমেন্ট, পদোন্নতি ও উচ্চতর গ্রেডের তথ্য যুক্ত করা হবে। তথ্য যাচাই শেষে সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে নতুন পে-স্কেল অনুযায়ী মূল বেতন ও প্রযোজ্য ভাতা নির্ধারণ করবে।

অর্থ বিভাগের এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, প্রজ্ঞাপন জারির পরই বাস্তবায়নের কাজ দ্রুত এগিয়ে নেওয়া হবে। বিভিন্ন শ্রেণির চাকরিজীবীর কারিগরি ও প্রশাসনিক পার্থক্য বিবেচনায় নিয়েই পৃথক এসআরও প্রস্তুত করা হচ্ছে।

কী সুবিধা মিলবে

নতুন ব্যবস্থায় চাকরিজীবীরা অনলাইনে নিজেদের বেতন কাঠামোয় অবস্থান জানতে পারবেন। একই সঙ্গে বেতন বিল, জিপিএফ, ঋণ, আয়কর হিসাব এবং ইএফটির মাধ্যমে বেতন-পেনশন প্রদানের বিদ্যমান সুবিধাও আইবাসে বহাল থাকবে।

অর্থ বিভাগের লক্ষ্য, কাগজভিত্তিক বেতন পুনর্নির্ধারণের পরিবর্তে তথ্যনির্ভর ও স্বয়ংক্রিয় পদ্ধতি চালু করা। এতে হিসাবরক্ষণ অফিসে বারবার যেতে হবে না এবং ভুল হিসাব, দ্বৈত সুবিধা বা অতিরিক্ত অর্থ পরিশোধের ঝুঁকিও কমবে।

নতুন পে-স্কেলে যা থাকছে

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, নবম জাতীয় পে-স্কেলে বিদ্যমান ২০টি গ্রেড বহাল রাখা হয়েছে। এতে—

২০তম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন: ২০ হাজার টাকা

প্রথম গ্রেডের সর্বোচ্চ মূল বেতন: ১ লাখ ৫৬ হাজার টাকা

নতুন এই বেতন কাঠামো ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর ধরা হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের