সরকারি কর্মচারীদের মূল বেতনের শতাংশভিত্তিক প্রচলিত ভাতা নির্ধারণের বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এসব ভাতা চলতি বছরের ৩০ জুন আহরিত মূল বেতনের ভিত্তিতে নির্ধারণ ও দেওয়া হবে।
রোববার (১৮ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি-৩ শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। সোমবার (১৯ অক্টোবর) তা বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যা হিসেবে প্রকাশিত হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের যেসব কর্মচারী চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬-এর আওতাবহির্ভূত মূল বেতনের শতাংশভিত্তিক প্রচলিত ভাতা পেয়ে থাকেন, তাদের ক্ষেত্রে এ নির্দেশনা কার্যকর হবে।
এতে আরো বলা হয়, পরবর্তী আদেশ জারি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মচারীদের এসব ভাতা ৩০ জুন ২০২৬ তারিখে আহরিত মূল বেতনের ভিত্তিতে নির্ধারণ ও পরিশোধ করতে হবে।
রেডিওটুডে নিউজ/আনাম

