বিশ্ব বাজারে জ্বালানি তেলের দরে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্যে নামামুখী সংকটের জেরে বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এক লাফে ৩ শতাংশের বেশি বেড়ে পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩ দশমিক ৩৫ ডলার বা ৩ দশমিক ০৮ শতাংশ বেড়ে ১১২ দশমিক ১৭ ডলারে দাঁড়িয়েছে, যা গত ১৮ মে-র পর সর্বোচ্চ। আর যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ২ দশমিক ৬৮ ডলার বা ২ দশমিক ৭৬ শতাংশ বেড়ে ৯৯ দশমিক ৮৩ ডলারে পৌঁছেছে।
পিভিএম অয়েলের বিশ্লেষক তামাস ভার্গা বলেন, ‘ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের প্রচেষ্টাগুলো বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে... হরমুজ প্রণালিতে জাহাজে হামলা এবং সৌদি আরব ও তার তেল অবকাঠামোতে হুতিদের হামলা নতুন করে চিন্তার কারণ হয়েছে। এসবের ফলে মধ্যপ্রাচ্য থেকে সংঘাতের পূর্ববর্তী মাত্রার চেয়েও বেশি তেল রপ্তানির খবর পুরোপুরি ম্লান হয়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন পর্যন্ত এসব সংঘাত হ্রাসের কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না। এর ফলে নিকট ভবিষ্যতে তেলের দাম চড়া থাকবে।’
মরগান স্ট্যানলির বিশ্লেষকরা এক নোটে অনুমান করেছেন, গত সপ্তাহে মধ্যপ্রাচ্য থেকে প্রতিদিন প্রায় ১ কোটি ৭০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি হয়েছে।
মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সৌদি আরবে অবস্থিত তাদের মিশনগুলোর কিছু কূটনীতিক ও তাদের পরিবারকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। পাশাপাশি মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি মার্কিন মিশন থেকেও কূটনীতিকদের পরিবারের সদস্যদের সরিয়ে নেয়ার পরিকল্পনা করছে।
ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী বুধবার সৌদি আরবের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর মধ্যে দাম্মামের একটি বেসামরিক বিমানবন্দরে হামলায় অন্তত দুজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ছাড়া একটি সৌদি তেলক্ষেত্রে ড্রোন হামলায় আরও দুজন নিহত হয়েছেন।
ইরানি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বুধবার ইরানের দক্ষিণাঞ্চলীয় সিরিকেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে ওই বিস্ফোরণগুলোর প্রকৃতি ও উৎস সম্পর্কে কিছু জানা যায়নি।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) নতুন বার্তায় বলেছে, তাদের অনুমতি ব্যতিত কোনও বাণিজ্যিক জাহাজ যদি মার্কিন বাহিনীর সহায়তায় হরমুজ পারাপারের চেষ্টা করে, তাহলে ফের মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হবে।
রেডিওটুডে নিউজ/আনাম

